রুশমী আক্তার, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এমপি এম এ মোতালেব বলেছেন, সাতকানিয়া- লোহাগাড়াকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি,অবৈধ বালু উত্তোলন ইত্যাদি বন্ধ করে একটি শান্তির জনপদ হিসেবে গড়ে তুলতে চান। তাই সাতকানিয়া-লোহাগাড়ার প্রধান রাস্তাসমূহ মেরামত এবং উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আগামী ১০০ দিনের অগ্রাধিকার কাজের কর্মসূচি ঘোষণা করছেন তিনি।
রোববার (১৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর পরিস্থিতি নিয়ে মতবিনিময় এবং চট্টগ্রাম-১৫ সংসদীয় এলাকায় পরবর্তী ১০০ দিনের কর্মসূচি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথাগুলো বলেন।
দ্বাদশ নির্বাচনের মাধ্যমে চট্টগ্রাম-১৫ আসনের জনগণের জন্য একটি নতুন দিনের সূচনা হয়েছে জানিয়ে এম এ মোতালেব বলেন, আগামী ১০০ দিনে পরবর্তী উন্নয়নমূলক কাজের মাস্টারপ্ল্যান তৈরি করে সাতকানিয়া-লোহাগাড়ায় পিছিয়ে পড়া অবকাঠামোসমূহের উন্নয়ন নিশ্চিত করা হবে। সাতকানিয়া- লোহাগাড়াকে শান্তির জনপদে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছি।
প্রশাসনকে ইতোমধ্যে নির্দেশনা দিয়েছি অপরাধীদের বিরুদ্ধে আইন প্রয়োগে কোন পক্ষপাতিত্ব বা শিথিলতা দেখানো যাবে না। আগে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করতে হবে। সাতকানিয়া-লোহাগাড়াকে আদর্শ বসবাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলার জন্য শুরু থেকেই উদ্যোগ নিয়েছি।
তিনি আরও বলেন, সাতকানিয়া-লোহাগাড়ায় শান্তিপূর্ণ ও সহাবস্থান নিশ্চিত হয়েছে। নির্বাচন পরবর্তী কোনো সহিংসতা যাতে না হয়, সে জন্য সর্বোচ্চ সতর্কতা ও আইনিব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সাতকানিয়া-লোহাগাড়াকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদক ব্যবসায়ী, পাইকারী ও খুচরা বিক্রেতাদের তালিকা তৈরি করে তাদের আইনের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু করা হবে। অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য সাঁড়াশি অভিযান চালানোর জন্য প্রশাসনকে সঙ্গে নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
বালু মহাল নিয়ে সন্ত্রাসী কমকাণ্ডের লাগাম টানা হবে জানিয়ে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালেব বলেন, অবৈধ বালু উত্তোলন ও দখলবাজ সিন্ডিকেটকে আইনের আওতায় আনা হবে। অবৈধ বালু উত্তোলন সাতকানিয়া-লোহাগাড়ায় যেকোনো মূল্যে বন্ধ করা হবে। স্বাস্থ্য খাতে স্বচ্ছতা আনার জন্য সরকারী-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক কঠোরভাবে মনিটরিংয়ের আওতায় আনা হবে। কমিউনিটি ক্লিনিকসমূহে সেবার মান বাড়ানো হবে। জনগণের সঙ্গে নিবিড় সম্পর্কের সেতুবন্ধন গড়ে তোলার জন্য দুই উপজেলাতেই নিয়মিত উঠান বৈঠক করা হবে।
সাবেক সংসদ সদস্যের প্রতিহিংসার শিকার সকল
ভুক্তভোগীদের আইনি সহায়তা ও চিকিৎসা সহায়তা দেয়া আমার বিপক্ষে যারা কাজ করেছেন তাদের বিরুদ্ধেও আমার কোন ক্ষোভ নেই, সুতরাং বৈরীতাও নেই। তাই সবাই মিলে মিশে কাজ করুন, সাতকানিয়া-লোহাগাড়াকে শান্তির জনপদে পরিণত করে মানুষকে উন্নত জীবন যাপন করার সুযোগ করে দিতে চাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এমপি এমএ মোতালেবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ডা. আ ম ম মিনহাজুর রহমান, সদস্য সচিব ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, নির্বাচন পরিচালনা কমিটির সাতকানিয়া অংশের চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আহমদ সাইফুদ্দিন সিদ্দিকী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, যুগ্ম -সম্পাদক ফয়েজ আহমদ লিটন, মো. জসিম উদ্দিন, সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর লালু, সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের মধ্যে এওচিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবু সালেহ, সাতকানিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম, কাঞ্চনা ইউপি চেয়ারম্যান রমজান আলী, সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, পশ্চিম ঢেমশা ইউপি চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম সুমন, আমিলাইশ ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, সাতকানিয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম সিকদার, আওয়ামী লীগ নেতা নাজিমউদ্দিন, আমির উদ্দিন চৌধুরী, রিদুয়ানুল হক, আলাউদ্দিন মো. সাবের, রফিকুল ইসলাম, মোর্শেদ আলম ও সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।


