রুশমী আক্তার, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে লোহাগাড়া থানা পুলিশ।
২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে চেক পোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মোটর সাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র ও চালকদের রেজিস্ট্রেশন না থাকায় অধিকাংশ গাড়ি জব্দ করা হয়।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমানের নেতৃত্বে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এসময় যাদের কাগজপত্র সঠিক পাওয়া যায় নি তাদের গাড়ি আটক করে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল ইসলাম বলেন,নির্বাচনের আগে অপরাধ এড়াতে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল গুলো আমরা জব্দ করেছি।এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অপরাধ প্রবনতা বেড়ে যায়। বিশেষ করে মোটরসাইকেল নিয়ে অপরাধীরা বিভিন্ন অপরাধ করে থাকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অপরাধ প্রবনতা এড়াতে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালানো হয়। লোহাগাড়ার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র ও চালকদের রেজিস্ট্রেশন না থাকায় অধিকাংশ গাড়ি আটক করা হচ্ছে। জব্দকৃত গাড়ির উপযুক্ত তথ্য দিতে পারলেই সেগুলো তারা ফেরত পাবে।অন্যথায় অবৈধ মোটর সাইকেল গুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নির্বাচন পর্যন্ত অপরাধ দমনে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


