সোহেল আজিম ,পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি :-
কক্সবাজারের পেকুয়ার চাঞ্চল্যকর আবু ছৈয়দ হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার হয়েছেন মগনামা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে পেকুয়া থেকে মগনামা যাওয়ার পথে থানা পুলিশ ও র্যাবের যৌথ একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর মামলার বাদী ছৈয়দ মো. ইমন আবু ছৈয়দ হত্যাকাণ্ডে সাবেক চেয়ারম্যান ওয়াসিমের সম্পৃক্ততা আছে দাবী করে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অধিকতর তদন্তের আবেদন করেন। আদালত তা আমলে নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পেকুয়া থানার এস আই মো. ইব্রাহিমকে এব্যাপারে খতিয়ে দেখার নির্দেশ দেন। পুলিশ মামলার সাক্ষী, প্রত্যক্ষদর্শী ও যাবতীয় সকল ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে এ হত্যাকাণ্ডে চেয়ারম্যান ওয়াসিমের সম্পৃক্ততার ব্যাপারে নিশ্চিত হয়। তাই তাকে এ মামলার আসামী হিসেবে গ্রেফতার করতে পুলিশ গত কয়েকদিন ধরে চেষ্টা করছিল। এর ধারাবাহিকতায় পুলিশ ও র্যাবের একটি চৌকস টিম বুধবার রাতে মগনামায় তাঁর নিজ বাড়িতে ফেরার খবর পায়। সে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, পুলিশ আবু ছৈয়দ হত্যাকাণ্ডে চেয়ারম্যান ওয়াসিমের সম্পৃক্ততার ব্যাপারে নিশ্চিত হয়েই তাকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১০ অক্টোবর মগনামার আফজালিয়া পাড়ায় ঘরে ঢুকে আবু ছৈয়দকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় ২৪ জনকে আসামী করে পেকুয়া থানায় হত্যা মামলা করেন নিহতের ছেলে ছৈয়দ মো. ইমন। পরে এ হত্যাকাণ্ডের কয়েকজন আসামীকে সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াসিমের বাড়ি থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে হত্যাকাণ্ডে ওয়াসিমের সম্পৃক্ততার ব্যাপারটি জোরালো হয়।


