মোঃ শামীম মিয়া, ষ্টাফ রিপোর্টার মানিকগঞ্জ:
মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংগীত শিল্পী মমতাজ বেগমের পথসভা উপলক্ষে ভোটারদের জন্য মাংস–খিচুড়ি রান্না করায় এক কর্মীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ৮০০ প্যাকেট খিচুড়ি জব্দ করে পাঠানো হয়েছে শিশু পরিবারে।আজ বুধবার ২৭ ই ডিসেম্বর রাতে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার আঙ্গারিয়া এলাকায় নৌকার কর্মী বাবুল হোসেন ভুট্টুকে এই জরিমানা করে ভ্রাম্যমান আদালত।নির্বাচন উপলক্ষে গঠিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এই জরিমানা ও খাবার জব্দ করেন। জানা গেছে ,বুধবার রাতে আঙ্গারিয়া এলাকায় নৌকার প্রার্থী সংগীত শিল্পী মমতাজ বেগমের একটি পথসভা ছিল। এ উপলক্ষে বাবুল হোসেন ভুট্টুর বাড়িতে কর্মী-সমর্থক এবং ভোটারদের খাবারের জন্য মাংস–খিচুড়ি রান্না করে প্যাকেট করা হচ্ছিল। এমন সময় ভ্রাম্যমাণ আদালত তার বাড়িতে উপস্থিত হন।ভ্রাম্যমাণ আদালতের বিচারক মামুনুর রশিদ সাংবাদিকদের জানান, নির্বাচন আচরণ বিধির ১০(চ) ধারা অনুযায়ী নির্বাচনি ক্যাম্পে কোমল পানীয় ও খাদ্য সামগ্রী পরিবেশন করা যাবে না। কিন্তু বাবুল এই আইন ভঙ্গ করেছেন। যে কারণে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে খাবার প্যাকেটগুলো জব্দ করে মানিকগঞ্জ শিশু পরিবারের পাঠানো হয়েছে। তিনি জানান,সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে ।ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাইয়ুম খান ও সিংগাইর থানা–পুলিশের উপ-পরিদর্শক শরিফুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।


