সরকারি উন্নয়নকাজে ঠিকাদারদের গাফিলতি, বছরের পর বছর কাজ ফেলে রাখা এবং তদারকির অভাব নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। নিজের নির্বাচনি এলাকার উন্নয়নকাজের ভয়াবহ চিত্র তুলে ধরে তিনি বলেছেন, ‘আমি বলতে পারি না অনেক কিছু, বাট ইটস এ ভয়াবহ অবস্থা।’
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে সরকারি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ও ঠিকাদারদের দায়িত্বহীনতা নিয়ে আলোচনার সময় এসব কথা বলেন তিনি।
ডেপুটি স্পিকার বলেন, অনেক এলাকায় বছরের পর বছর পার হয়ে গেলেও উন্নয়নকাজ শুরু হয় না। আবার কাজ শুরু করার পর ঠিকাদারদের আর খুঁজে পাওয়া যায় না। এ ধরনের ঘটনা অহরহ ঘটছে। তাই সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের (পিডি) শুধু দাপ্তরিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না থেকে সরেজমিনে গিয়ে প্রকল্পের কাজ পরিদর্শন ও তদারকির নির্দেশনা দেওয়ার আহ্বান জানান তিনি।
নিজের নির্বাচনি এলাকার পরিস্থিতি তুলে ধরে কায়সার কামাল বলেন, ‘আমাদের কনস্টিটুয়েন্সিতে কী বলবো? আমি তো এই জায়গা থেকে বলতে পারি না অনেক কিছু। বাট ইটস এ ভয়াবহ অবস্থা।’
এর আগে সংসদে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান তার নির্বাচনি এলাকা ফুলবাড়িয়ার বিভিন্ন সড়কের বেহাল দশা তুলে ধরেন।
তিনি জানান, সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের মাধ্যমে প্রতিবছর সড়ক, কালভার্ট ও অবকাঠামো উন্নয়নে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়। কিন্তু কার্যাদেশ পাওয়ার পরও অনেক ঠিকাদারি প্রতিষ্ঠান এক থেকে দুই বছর পর্যন্ত কাজ শুরু করে না। আবার কাজ শুরু করলেও দীর্ঘদিন অসমাপ্ত অবস্থায় ফেলে রাখে।
এতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই সঙ্গে প্রকল্পের ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহারও বাধাগ্রস্ত হচ্ছে বলে সংসদে উল্লেখ করেন তিনি।
ফুলবাড়িয়ার সনকান্দা সড়কের উদাহরণ দিয়ে কামরুল হাসান বলেন, সড়কটি এক বছর ধরে খানাখন্দে পড়ে রয়েছে। কাজ শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি ফোন করেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
একই ধরনের দুর্ভোগের চিত্র তুলে ধরে তিনি মোহাম্মদনগর ১০ মাইল সড়ক এবং ভবানীপুরের কচুয়া সড়কের অবস্থার কথাও সংসদে জানান।
সংসদে দুই জনপ্রতিনিধির বক্তব্যে সরকারি উন্নয়ন প্রকল্পের ধীরগতি, ঠিকাদারদের দায়িত্বহীনতা এবং মাঠপর্যায়ে তদারকির ঘাটতির বিষয়টি নতুন করে সামনে এসেছে।
আরু|



