ব্যাংকঋণের বিপুল বোঝা, কারখানা বন্ধ এবং শ্রমিকদের কর্মহীন হয়ে পড়ার ঘটনায় বড় ধরনের সংকটে পড়েছেন চিত্রনায়ক ও শিল্পপতি এম এ জলিল অনন্ত। তার মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলোর একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন ১০ হাজারের বেশি শ্রমিক। ব্যবসা টিকিয়ে রাখতে অংশীদার কিংবা কারখানা পরিচালনার জন্য ভাড়াটিয়া খুঁজেও সফল হননি তিনি। এরই মধ্যে এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে পাওনা ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা আদায়ে অনন্ত জলিল ও তার স্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
একসময় তৈরি পোশাকশিল্পে সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত ছিলেন অনন্ত জলিল। ছোট পরিসরে ব্যবসা শুরু করে গত আড়াই দশকে একের পর এক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি। এজেআই গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে দেশের অন্যতম শীর্ষ পোশাক ব্যবসায়ীদের তালিকায় জায়গা করে নেন।
২০১০ সালে চলচ্চিত্রে পা রাখার পর অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষাকে বিয়ে করেন অনন্ত জলিল। স্ত্রী বর্ষাকে নিয়ে ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। পরবর্তী সময়ে বর্ষাকে ব্যবস্থাপনা পরিচালক করে গড়ে তোলেন ‘এবি অ্যাপারেলস লিমিটেড’ নামে আরেকটি প্রতিষ্ঠান।
তবে সময়ের সঙ্গে নানা সংকট ঘনীভূত হতে থাকে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে। ব্যাংকঋণের বোঝা বাড়তে থাকায় একপর্যায়ে বন্ধ হতে শুরু করে একের পর এক কারখানা। এতে বিপাকে পড়ে অর্থায়নকারী ব্যাংকগুলোও।
২২৬ কোটি টাকার চেক প্রত্যাখ্যান
ব্যাংকের আইনি নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল জানিয়েছেন, করোনাকালে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে কারখানার শ্রমিকদের কাজ না থাকলেও বসিয়ে বসিয়ে বেতন-ভাতা দিয়েছেন। সেই ঋণের সুদসহ বর্তমানে দেনার পরিমাণ অনেক বেড়ে গেছে।
অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, ব্যাংকের পাওনা পরিশোধে ব্যর্থ হওয়ায় অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক প্রত্যাখ্যাত হওয়ার অভিযোগে এই নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণ পুনঃতফসিলের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ২৮ আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার টার্ম লোন পুনঃতফসিল করা হয়।
পরবর্তী সময়ে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংকের অনুকূলে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম এ জলিল অনন্ত। তবে ২ নভেম্বর চেকটি ব্যাংকে জমা দেওয়া হলে সংশ্লিষ্ট হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় তা প্রত্যাখ্যাত হয়।
ব্যাংকের নোটিশে আরও বলা হয়েছে, ঋণ পুনঃতফসিলের শর্ত ভঙ্গ করা হয়েছে। চেকে উল্লেখ করা অর্থ পরিশোধ না করলে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধের সময় দেওয়া হয়েছে। অন্যথায় উপযুক্ত আদালতে মামলা করা হবে।
এ ঘটনায় ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার বিধানের কথাও উল্লেখ করা হয়েছে।
ব্যাংকের পক্ষে আইনজীবী মো. জাহিদুল ইসলাম বাচ্চু জানিয়েছেন, এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণ পুনঃতফসিলের আবেদন বিবেচনা করে ২০২৪ সালের ২৮ আগস্ট ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার টার্ম লোন পুনঃতফসিল করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে সেই পুনঃতফসিলের শর্ত ভঙ্গ করা হয়েছে বলে আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে।
অংশীদার মিলছে না, বন্ধ গ্যাস সংযোগও
শুধু ব্যাংকঋণ নয়, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো চালু রাখতেও নানা সমস্যার মুখে পড়েছেন অনন্ত জলিল। ঘনিষ্ঠ সূত্রগুলোর তথ্য অনুযায়ী, ব্যবসা থেকে ঘুরে দাঁড়াতে বিভিন্নভাবে চেষ্টা করেছেন তিনি। কিন্তু কোনো বিনিয়োগকারী বা অংশীদার খুঁজে পাননি। এমনকি একাধিক চীনা ব্যবসায়ী ও উদ্যোক্তার সঙ্গে আলোচনা করেও আশানুরূপ সাড়া মেলেনি।
এরই মধ্যে গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
এ বিষয়ে এবি অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান এম এ জলিল অনন্ত বলেছেন, ব্যাংকের সহযোগিতা ছাড়া এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো কঠিন।
এদিকে অনন্ত জলিলের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ঋণ, দেনা এবং বিপুল অঙ্কের টাকার চেক প্রত্যাখ্যাত হওয়ার ঘটনায় অর্থায়নকারী অন্যান্য ব্যাংকও উদ্বেগের মধ্যে রয়েছে। এসব ব্যাংকের বিনিয়োগ করা অর্থ আদৌ ফেরত পাওয়া যাবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এবার আইনি জটিলতায় পড়ার শঙ্কা
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে অনন্ত জলিল ব্যাংকের পাওনা পরিশোধ করতে না পারলে প্রথমে চেক ডিজঅনার মামলা এবং পরবর্তী সময়ে অর্থঋণ আদালতে মামলা করতে পারে ব্যাংক।
অন্যদিকে, চলচ্চিত্রে সময় দিতে গিয়েই কি তার ব্যবসায়িক সাম্রাজ্যে ধস নেমেছে এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি অনন্ত জলিল। তবে তিনি জানিয়েছেন, করোনা মহামারি, ইউক্রেন যুদ্ধসহ নানা প্রতিকূল পরিস্থিতির কারণে তাকে বর্তমান অবস্থায় পড়তে হয়েছে।
একসময় চলচ্চিত্রের পর্দায় দাপটের পাশাপাশি তৈরি পোশাকশিল্পে বড় বিনিয়োগকারী হিসেবে পরিচিত ছিলেন অনন্ত জলিল। অথচ এখন তার প্রতিষ্ঠানগুলো ঘিরে তৈরি হয়েছে ঋণ, কারখানা বন্ধ, শ্রমিকদের কর্মহীনতা ও আইনি জটিলতার মতো একাধিক সংকট।
শত শত কোটি টাকার ব্যাংকঋণ, প্রত্যাখ্যাত চেক এবং বিনিয়োগকারীর অভাবে অনিশ্চয়তায় পড়েছে অনন্ত জলিলের ব্যবসায়িক সাম্রাজ্যের ভবিষ্যৎ। এখন দেখার বিষয়, ব্যাংকের সহযোগিতা নিয়ে তিনি এই সংকট কাটিয়ে আবারও ব্যবসায় ফিরতে পারেন কি না।
আরু|



