লাঠি হাতে ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে নাটোর সদর থানায় প্রবেশ করেছেন জেলা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। শহরে মোটরসাইকেল নিয়ে শোডাউন শেষে থানায় গিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার চেষ্টার অভিযোগ তুলে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। এ সময় কয়েকজনের হাতে লাঠিসোঁটাও দেখা যায়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ছাত্রশিবিরের নেতাকর্মীদের অভিযোগ, সোমবার রাতে নাটোরের বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালানো, টায়ার পোড়ানোসহ বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা চালানো হয়েছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের ভূমিকা নিয়ে কথা বলতে তারা থানায় যান।
নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু সাঈদ রনি ঢাকা পোস্টকে বলেন, গত রাতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নাটোরে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করেছে। মঙ্গলবার রাতেও তারা অরাজকতা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কা থেকে মোটরসাইকেল নিয়ে শহরে শোডাউন করেছেন তারা। সতর্ক না হলে নিজেদের মতো করে অ্যাকশনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
আবু সাঈদ রনি আরও বলেন, গত রাতে বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলার সময় প্রশাসন কী ভূমিকা পালন করেছে, তা জানতে এবং এ বিষয়ে কথা বলতেই তারা থানায় এসেছেন।
পরে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমানের সঙ্গে কথা বলে থানা ত্যাগ করেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
ওসি মনসুর রহমান বলেন, জেলা ছাত্রশিবিরের সভাপতি ও অন্য নেতাকর্মীরা থানায় এসে অভিযোগ করেছেন, গত রাতে বিচ্ছিন্নভাবে কয়েকটি এলাকায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা টায়ার পুড়িয়ে এবং আগুন ধরিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছেন।
তিনি বলেন, যেকোনো ধরনের নাশকতা ও অরাজকতা প্রতিরোধে পুলিশ সব সময় সতর্ক ও তৎপর রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।
তবে নেতাকর্মীদের লাঠি হাতে থানায় প্রবেশের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, তারা লাঠি হাতে থানায় প্রবেশ করেছেন কি না, তা তাঁর চোখে পড়েনি।
আরু|



