আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি দলটির কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ বিষয়টি গণমাধ্যমকেও মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ২০২৫ সালের ১২ মে প্রকাশিত বাংলাদেশ গেজেটে আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এসব সংগঠনের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম ও অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ এবং সভা আয়োজনসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের বিষয়টিও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
আওয়ামী লীগের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও সহিংসতার অভিযোগ তুলে ইয়াসের খান চৌধুরী বলেন, দলটির আগুন সন্ত্রাস নতুন কিছু নয়। জন্মলগ্ন থেকেই তারা গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, বিচ্ছিন্ন কিছু জায়গায় গিয়ে স্লোগান দেওয়া কিংবা যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটিয়ে তারা পালিয়ে যেতে পারে। তবে এসব ঘটনা বারবার প্রমাণ করছে, আগুন সন্ত্রাসের সঙ্গে তারাই জড়িত।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দেশের জনগণ এ বিষয়ে তৎপর রয়েছেন। পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনী সন্ত্রাসী সংগঠন ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
তিনি আরও বলেন, আগুন সন্ত্রাসের মূল হোতা হিসেবে যাকে উল্লেখ করেছেন, সেই পলাতক ব্যক্তিকে বাংলাদেশে ফিরিয়ে এনে অবশ্যই বিচারের আওতায় আনা হবে। এই বিচার দেশের জনগণ দেখতে চায়।
এদিকে গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে না। ভবিষ্যতেও গণমাধ্যম নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই।
আরু|



