একদিকে বিতর্কিত বক্তব্য ও ধর্ম নিয়ে অবস্থানের কারণে দীর্ঘদিন ধরেই আলোচনায় প্রবাসী ব্লগার আসাদ নূর। এবার সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ে করে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। তবে বিয়ের খবর প্রকাশের ধরন নিয়েই তৈরি হয়েছে সবচেয়ে বেশি কৌতূহল। ফুল দিয়ে মুখ ঢেকে ছবি, পোশাকের সূত্র আর সামাজিক মাধ্যমে রহস্যময় পোস্ট সবকিছুর পেছনে ছিল পরিকল্পনা! অবশেষে নিজেই সেই নাটকীয়তার কারণ জানালেন আসাদ নূর।
গত ২৬ অক্টোবর দেশের বাইরে পারশা ও আসাদ নূরের আক্দ সম্পন্ন হয়। পরদিন ২৭ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবর জানান পারশা। তবে স্বামীর পরিচয় প্রকাশ না করে বিয়ের ছবিতে তাঁর মুখ ফুল দিয়ে ঢেকে রাখেন। পরে ৭ নভেম্বর স্বামীর সঙ্গে আরও একটি ছবি প্রকাশ করেন তিনি। সেখানেও মুখ আড়ালে রাখা হয়।
এরপর থেকেই শুরু হয় নানা জল্পনা-কল্পনা। কে এই রহস্যময় বর তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় অনুসন্ধান। একপর্যায়ে নেটিজেনরা আসাদ নূরের নাম সামনে আনেন। তাঁর ইনস্টাগ্রামে প্রকাশিত পাঞ্জাবি পরা ছবি, পাশে থাকা লাল শাড়ির আঁচল এবং পারশার বিয়ের ছবির পোশাকের মধ্যে মিল খুঁজে বের করার চেষ্টা করেন অনেকে। দুজনের ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করা এবং ছবির পটভূমি নিয়েও চলে আলোচনা।
অবশেষে মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে নিজের ইউটিউব চ্যানেলে লাইভে এসে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন আসাদ নূর। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি ও পারশা বিয়ে করেছি।’ এ সময় নিজের বিয়ের পাঞ্জাবি এবং পারশার বিয়ের শাড়িও দেখান তিনি।
কিন্তু কেন এত লুকোচুরি?
আসাদ নূরের দাবি, পুরো বিষয়টি ছিল পরিকল্পিত। সমাজের প্রচলিত কিছু ট্যাবু ভাঙা এবং মানুষের মনস্তত্ত্ব বোঝার জন্যই তাঁরা বিয়ের বিষয়টি ঘিরে রহস্য তৈরি করেছিলেন। ছবিতে ইচ্ছাকৃতভাবে বিভিন্ন সূত্র রাখা হয়েছিল। এমনকি কিছু পোস্ট আড়াল করে মানুষের মধ্যে আরও কৌতূহল তৈরি করা হয়েছিল।
লাইভে তিনি আরও জানান, ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪-এর অধীনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, এ পদ্ধতিতে বিয়ের জন্য ধর্মীয় আনুষ্ঠানিকতা বাধ্যতামূলক নয়।
নিজের রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন আসাদ নূর। কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, তিনি ও পারশা বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দল বা সংস্থার কাছ থেকে অর্থ বা অনুদান নেননি।
জুলাই আন্দোলনে পারশার ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। আসাদ নূরের ভাষ্য, জুলাই আন্দোলনের সময় পারশা আলোচিত ‘পোস্টার গার্ল’ ছিলেন। ‘চলো ভুলে যাই’ গানেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ৫ আগস্টের পরও তিনি জুলাইপন্থীদের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেন আসাদ নূর।
ধর্ম নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, গত এক থেকে দেড় বছর ধরে কোনো ধর্মের সমালোচনা করেন না এবং মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতেও চান না।
এদিকে পারশাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এআই দিয়ে তৈরি বিভিন্ন ব্যঙ্গাত্মক ছবি ও অশালীন মন্তব্যের সমালোচনা করেন আসাদ নূর। তাঁর অভিযোগ, নারীর ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতার প্রতিফলন ঘটেছে এসব প্রতিক্রিয়ায়।
নিজেদের সম্পর্কের ব্যাখ্যায় আসাদ নূর বলেন, তাঁদের কাজের ধরন, অবস্থান ও চিন্তাভাবনায় পার্থক্য থাকলেও মনের মিল থাকলে দেশ, ভাষা, বর্ণ কিংবা পেশা কোনো বাধা হতে পারে না।
সবশেষে তিনি দাবি করেন, তাঁদের বিয়ে নিয়ে মানুষের কৌতূহল, সমালোচনা ও বিতর্কই বিষয়টিকে দেশজুড়ে ছড়িয়ে দিয়েছে। যে বিয়ের বরকে নিয়ে কয়েক দিন ধরে চলছিল রহস্য, অবশেষে সেই পরিচয় নিজেই প্রকাশ করলেন আসাদ নূর। আর রহস্য তৈরির পেছনের পরিকল্পনাও জানালেন প্রকাশ্যে।
আরু|



