দেশের তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের বেতন বাড়ানোর নতুন প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। নিম্নতম মজুরি বোর্ডে জমা দেওয়া লিখিত প্রস্তাবে শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা এবং সর্বোচ্চ ৪৮ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব করা হয়েছে।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
শ্রমিকপক্ষের প্রস্তাব অনুযায়ী, গার্মেন্টস শ্রমিকদের ক্ষেত্রে ১ নম্বর গ্রেডে ৪৮ হাজার, ২ নম্বর গ্রেডে ৪৩ হাজার, ৩ নম্বর গ্রেডে ৩৮ হাজার এবং ৪ নম্বর গ্রেডে ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবি জানানো হয়েছে। এ ছাড়া শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে, কর্মচারীদের বেতন কাঠামোতেও বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। এতে ১ নম্বর গ্রেডে ৫৫ হাজার, ২ নম্বর গ্রেডে ৫০ হাজার, ৩ নম্বর গ্রেডে ৪৫ হাজার এবং ৪ নম্বর গ্রেড বা অফিস স্টাফদের জন্য ৪০ হাজার টাকা মাসিক বেতন নির্ধারণের দাবি জানানো হয়েছে।
বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, সোমবারের সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের লিখিত মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। শ্রমিকপক্ষ প্রস্তাব জমা দিলেও মালিকপক্ষ কিছু সমস্যার কথা উল্লেখ করে সাত কার্যদিবস সময় চায়। পরে আলোচনা সাপেক্ষে তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে মালিকপক্ষ প্রস্তাব জমা না দিলে বোর্ড নতুন বেতন কাঠামো নির্ধারণের কাজ এগিয়ে নেবে।
তিনি আরও জানান, চলতি সপ্তাহেই একাধিক পোশাক কারখানা পরিদর্শন করবে বোর্ড। এ ছাড়া শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাব নিয়ে প্রয়োজনীয় আলোচনার জন্য বোর্ডের নিরপেক্ষ সদস্য প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সঙ্গে আলোচনা করে এক বা একাধিক সদস্যকে যুক্ত করতে পারবেন। এ বিষয়ে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে।
সংবাদ সম্মেলনে শ্রমিকপক্ষের প্রতিনিধি ও বোর্ডের সদস্য বাবুল আখতার বলেন, দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের শ্রমিক প্রতিনিধি এবং কারখানাভিত্তিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেই এই প্রস্তাব তৈরি করা হয়েছে। শ্রমিকদের দাবি ও পারস্পরিক আস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে মজুরির পরিমাণ প্রস্তাব করা হয়েছে। তবে মজুরির যৌক্তিকতা, পদ ও গ্রেডভিত্তিক বিস্তারিত বিষয় নিয়ে আগামী সপ্তাহে আরও প্রস্তাব ও আলোচনা হবে।
উল্লেখ্য, পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে আগামী ১৬ নভেম্বর। শ্রমিকপক্ষের প্রস্তাবের বিপরীতে মালিকপক্ষ কী প্রস্তাব দেয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।
আরু|



