ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাঁর পক্ষে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠিয়েছে লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। ই-মেইলটি পাওয়ার পর বিষয়টি পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে হাইকমিশন।
সোমবার (৯ নভেম্বর) সকালে দিল্লির কূটনৈতিক একটি সূত্র ই–মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রও জানিয়েছে, দিল্লি হাইকমিশন থেকে এ ধরনের একটি ই-মেইল পাওয়ার তথ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
তবে কূটনৈতিক সূত্রগুলোর ভাষ্য, ই-মেইলটি যে সরাসরি শেখ হাসিনার আবেদন, তা নিশ্চিত হওয়ার সুযোগ নেই। কারণ, ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা অথরাইজেশন-সংক্রান্ত কোনো নথি কিংবা প্রমাণপত্র সংযুক্ত ছিল না। সাধারণত কোনো ব্যক্তির পক্ষে আইনজীবী বা প্রতিষ্ঠান আবেদন করলে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমোদনের প্রমাণ থাকতে হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ই–মেইলের শুরুতে একজন আইনজীবী নিজেকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে তাঁর পক্ষে যোগাযোগের কথা উল্লেখ করেছেন। এরপর চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন।
এ অবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে হাইকমিশনকে।
এদিকে বিষয়টি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের ব্রিফ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে পাঠানো ই-মেইল
এর আগে বার্তা সংস্থা রয়টার্স তাদের হাতে আসা একটি চিঠির বরাতে জানায়, নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে যাওয়ার পর এটিই তাঁর এ ধরনের প্রথম আবেদন বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি চাওয়ার বিষয়টিকে দেশে ফেরার পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আগামী ডিসেম্বরে তাঁর বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরু|



