কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্বৃত্তদের অতর্কিত ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান (৪০)।
বুধবার রাতে উপজেলার গচিহাটা বাজারে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত কাজে গচিহাটা বাজারে গিয়েছিলেন শাহরিয়ার জামান। সেখানে পৌঁছানোর পরপরই একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা।
পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর কাটা ক্ষত থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় পাঠানো হয়।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার জানান, শাহরিয়ার জামানের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের বড় ধরনের ক্ষত রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল থাকলেও পরবর্তী জটিলতা এড়াতে তাকে রাজধানীর উন্নত হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন জানান, ব্যক্তিগত কাজে গচিহাটা বাজারে যাওয়ার পরপরই তার ছেলের ওপর একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করে ছেলের চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন।
এদিকে, হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি নিজেও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
তবে কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। তবে হামলার পেছনের কারণ এবং জড়িতদের পরিচয় জানতে পুলিশের তদন্তের দিকেই এখন নজর।
আরু|



