বলিউডের পর্দায় অমিতাভ বচ্চন, সালমান খান ও আমির খানের মতো তারকাদের সঙ্গে অভিনয় করেছেন তিনি। খলনায়ক হিসেবে যার উপস্থিতি মানেই পর্দায় বাড়তি উত্তেজনা, সেই মুকেশ ঋষি এবার আসছেন ঢাকাই সিনেমায়। প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।
মোহাম্মদ ইকবালের পরিচালনায় নির্মিতব্য ‘নসিব’ সিনেমায় প্রধান খলনায়কের চরিত্রে দেখা যাবে মুকেশ ঋষিকে। সিনেমাটির পরিচালক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ছবির শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই বাংলাদেশে আসার কথা রয়েছে তার।
এ প্রসঙ্গে পরিচালক মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, ‘নসিব’ সিনেমায় গুরুত্বপূর্ণ একটি খলচরিত্রে অভিনয় করবেন মুকেশ ঋষি। ছবির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যেও অংশ নেবেন তিনি।
বলিউডে খলনায়ক হিসেবে বিশেষ পরিচিতি পেলেও মুকেশ ঋষির অভিনয়জগৎ শুধু হিন্দি সিনেমাতেই সীমাবদ্ধ নয়। হিন্দির পাশাপাশি তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। নব্বইয়ের দশক থেকে বিভিন্ন ভাষার সিনেমায় নিয়মিত অভিনয় করে আসছেন এই অভিনেতা।
বিশেষ করে ‘গুন্ডা’ সিনেমায় বুল্লা চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান মুকেশ ঋষি। এরপর একাধিক জনপ্রিয় সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে নিজের আলাদা অবস্থান তৈরি করেন তিনি।
এবার ‘নসিব’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে এই বলিউড অভিনেতার। তার আগমন ঘিরে সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নতুন আগ্রহ। বলিউডের এই পরিচিত মুখ ঢাকাই সিনেমায় কতটা চমক দেখান, এখন সেটিই দেখার অপেক্ষা।
আরু|



