চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় একটি লেগুনার চালকের আসনের নিচে লুকিয়ে রাখা দেশীয় তৈরি একটি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নিজাম উদ্দিন (২৮) নামে তার সঙ্গে থাকা আরেক ব্যক্তি পালিয়ে গেছেন।
রোববার (১ নভেম্বর) বিকেল সোয়া পাঁচটার দিকে বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল এম আলম গ্যাস স্টেশনের দক্ষিণ পাশে এ অভিযান চালানো হয়। সোমবার (২ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পশ্চিম বিভাগের সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। এ সময় একটি লেগুনায় থাকা দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে মিজানুর রহমানকে আটক করা সম্ভব হলেও তার সহযোগী নিজাম উদ্দিন পালিয়ে যান।
পরবর্তী সময়ে মিজানুর রহমানের দেখানো মতে, লেগুনার চালকের আসনের নিচে রাখা একটি ব্যাগ থেকে দেশীয় তৈরি একটি এলজি ও একটি সীসার কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্র ও কার্তুজ পরিবহনে ব্যবহৃত লেগুনাটিও জব্দ করেছে পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (বন্দর ও পশ্চিম) কাজী মোহাম্মদ আব্দুর রহিম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। তবে এসব অস্ত্র ও কার্তুজের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।
এ ঘটনায় গ্রেপ্তার মিজানুর রহমান ও পলাতক নিজাম উদ্দিনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পলাতক নিজাম উদ্দিনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে হালিশহর থানায় প্রতারণার একটি মামলাও রয়েছে বলে জানিয়েছে ডিবি।
আরু|



