মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট ব্যবহারের নিয়মে পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে মোটরসাইকেলের নকশা অনুযায়ী সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে লেখার অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পাশাপাশি একাধিক মাপের নম্বরপ্লেট ব্যবহারের অনুমতিও দিতে পারবে সংস্থাটি।
বাংলাদেশ গেজেটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে, গত ২৮ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় দেওয়া ক্ষমতাবলে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ বিধি সংশোধন করা হয়েছে। সংশোধিত বিধিমালা অনুযায়ী, মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর আগের নির্ধারিত পদ্ধতির পাশাপাশি এক লাইনেও প্রদর্শনের অনুমতি দিতে পারবে বিআরটিএ।
এ ছাড়া মোটরসাইকেলের নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য ও প্রস্থের একাধিক মাপ নির্ধারণ এবং বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেট ব্যবহারের অনুমতি দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে।
নতুন নিয়মে নম্বরপ্লেটের অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষরের মাপ, যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের উচ্চতা, প্লেটের ওপরের অংশের ফাঁকা জায়গা এবং সংখ্যার মধ্যবর্তী ব্যবধান নির্ধারণ করতে পারবে বিআরটিএ। একই সঙ্গে দ্বিতীয় লাইনে নম্বর লেখার ক্ষেত্রে সংখ্যাগুলোর মধ্যবর্তী হাইফেনের দৈর্ঘ্যও নির্ধারণ করতে পারবে সংস্থাটি।
এক লাইনে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সড়ক পরিবহন বিধিমালার ৩৬ বিধির উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে। সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর হবে।
নতুন এই পরিবর্তনের ফলে মোটরসাইকেলের নকশা অনুযায়ী সামনের নম্বরপ্লেটের বিন্যাস ও মাপ নির্ধারণে আরও নমনীয়তা পাবে বিআরটিএ।
আরু|



