পোশাকশিল্পে চলমান অস্থিরতা, বিভিন্ন স্থানে ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী একটি গোষ্ঠী পরিস্থিতি উসকে দিয়ে দেশের পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে। এ পরিস্থিতিতে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। তবে কোনো মালিক কিংবা শ্রমিক শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। তাঁর বিশ্বাস, কোনো শ্রমিকই এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত হতে চান না।
তিনি আরও উল্লেখ করেন, ইতিমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। সামনে শীত মৌসুম। এ সময় পোশাকশিল্পে নতুন সম্ভাবনা তৈরি হওয়ার কথা থাকলেও চলমান অস্থিরতায় সেই সম্ভাবনা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা উড়িয়ে দেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।
এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির মালিক, শ্রমিকসহ পোশাকশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিক, দায়িত্বশীল ও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।
আরু|



