অ্যান্টি টেররিজম ইউনিট এটিইউর নাম পরিবর্তন করে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ বা এসআরইউ করা হচ্ছে। একই সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, সিটিটিসি এখন ‘এসআরইউ ডিএমপি’ নামে কার্যক্রম পরিচালনা করবে।
রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহের পদক প্রদান অনুষ্ঠানে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি জানান, নতুন কাঠামোর আওতায় প্রয়োজন অনুযায়ী দেশের বিভিন্ন মেট্রোপলিটন এলাকায় এসআরইউর শাখা গঠন করা হবে। এসব ইউনিট সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কমান্ডে পরিচালিত হলেও কেন্দ্রীয় সমন্বয় থাকবে এসআরইউর দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপির অধীনে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিটিটিসি এতদিন ডিএমপির অধীনে কার্যক্রম চালালেও এখন প্রজ্ঞাপনের মাধ্যমে পুরো ব্যবস্থাকে একটি সমন্বিত সাংগঠনিক কাঠামোর আওতায় আনা হচ্ছে। এসআরইউর সদর দপ্তর আগারগাঁওয়ে নেওয়া হয়েছে।
এদিকে ফরেনসিক ও কেমিক্যাল ল্যাবের কার্যক্রমও আগারগাঁওয়ে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভাগীয় পর্যায়ে ইতোমধ্যে আটটি ল্যাব চালু রয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে চট্টগ্রাম বিভাগের ল্যাব উদ্বোধনের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।
এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পে গুরুতর অপরাধ তদন্তে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনকে তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে। মাদক, অস্ত্র ও অপহরণের মতো অপরাধের তদন্তে এ ক্ষমতা কাজে লাগবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আরু|



