প্রেমিকার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা একটি ভিডিও যেন বিপদ ডেকে আনল আর্জেন্টাইন তারকা মাউরো ইকার্দির জন্য। মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর বিষয়টি প্রকাশ্যে আসার পর তাকে বুয়েনস আয়ার্স প্রদেশে গাড়ি চালানো থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। প্রশাসনিক নথিতে নিষেধাজ্ঞার শেষ তারিখ হিসেবে ২০৯৯ সালের ১ জানুয়ারি উল্লেখ করা হয়েছে। তবে এটি প্রতীকী মেয়াদ বাস্তবে এত বছর অপেক্ষা করতে হবে না।
ঘটনার সূত্রপাত ইকার্দির সঙ্গী ইউজেনিয়া ‘লা চিনা’ সুয়ারেজের প্রকাশ করা একটি ভিডিও থেকে। ভিডিওতে দেখা যায়, চলন্ত গাড়িতে সিটবেল্ট না পরে জানালা দিয়ে শরীরের বড় অংশ বাইরে বের করে রেখেছেন সুয়ারেজ। আর গাড়িটির চালকের আসনে ছিলেন ইকার্দি। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বুয়েনস আয়ার্সের পরিবহন কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে।
তদন্তে জানা যায়, ইকার্দির ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ২০১৯ সালের মে মাসেই শেষ হয়েছিল। এরপর প্রাদেশিক পরিবহন মন্ত্রণালয় তার বিরুদ্ধে প্রতিরোধমূলকভাবে গাড়ি চালানোর অযোগ্যতার ব্যবস্থা নেয়। আইন ১৩৯২৭-এর আওতায় গুরুতর ট্রাফিক ঝুঁকির ক্ষেত্রে এমন ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়ি চালানোর অনুমতি ফিরে পেতে ইকার্দিকে নির্ধারিত মূল্যায়ন ও পরীক্ষার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। অর্থাৎ, ২০৯৯ সাল পর্যন্ত নিষেধাজ্ঞার কথা বলা হলেও এটি স্থায়ীভাবে গাড়ি চালানো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নয়। প্রয়োজনীয় শর্ত পূরণ করে নতুন লাইসেন্স পাওয়ার সুযোগ রয়েছে।
মাঠের বাইরের এই ঝামেলার পাশাপাশি ফুটবল ক্যারিয়ার নিয়েও অনিশ্চয়তায় আছেন ইকার্দি। ২০২৬ সালে গালাতাসারাইয়ের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে এবং ক্লাবটি তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে। চার মৌসুমে তুর্কি ক্লাবটির হয়ে ১৩৪ ম্যাচে ৭৭ গোল করেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
এখন পর্যন্ত নতুন ক্লাবে যোগ দেওয়ার আনুষ্ঠানিক চুক্তি হয়নি ইকার্দির। কাতার, মেক্সিকো ও আর্জেন্টিনার কয়েকটি ক্লাবের সঙ্গে তার নাম জড়ালেও পরবর্তী গন্তব্য এখনও চূড়ান্ত হয়নি।
আরু|



