ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) স্বপ্নের অভিষেক হয়েছে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে অভিষেক ম্যাচেই ৩ উইকেট শিকার করেছেন তিনি। মিরাজ ও অধিনায়ক ইমরান তাহিরের স্পিন ঘূর্ণিতে মাত্র ১১৯ রানেই গুটিয়ে যায় সেন্ট লুসিয়া কিংস। পরে ৯ বল হাতে রেখে ৪ উইকেটের জয় তুলে নেয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে সেন্ট লুসিয়া কিংস। শুরুতে ৬ ওভারে ৫১ রান তুলে ভালো অবস্থানে থাকলেও এরপর গায়ানার স্পিন আক্রমণের সামনে একের পর এক উইকেট হারাতে থাকে তারা। জন ক্যাম্পবেলকে ফিরিয়ে নিজের সিপিএল অভিষেকের প্রথম উইকেট পান মিরাজ।
এরপর কামিল পুরান ও রস্টন চেজকে ফিরিয়ে কিংসের ব্যাটিংয়ে বড় ধাক্কা দেন ইমরান তাহির। মিরাজও নিজের স্পেল অব্যাহত রেখে কেমল স্যাভরি ও চারিথ আসালাঙ্কাকে সাজঘরে ফেরান। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ১১৯ রানে অলআউট হয় সেন্ট লুসিয়া।
গায়ানার হয়ে ইমরান তাহির ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নেন ৫ উইকেট। আর মিরাজ ৪ ওভারে মাত্র ১৩ রান খরচ করে শিকার করেন ৩ উইকেট। ম্যাচসেরার পুরস্কারও পান তাহির।
১২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা স্বস্তির ছিল না গায়ানার। গ্লেন ফিলিপস ৪০ বলে ৩৭ রান করেন। শাই হোপ করেন ৩১ বলে ২১ এবং শিমরন হেটমায়ার ১৩ বলে ১৪ রান। পাঁচ নম্বরে নেমে মিরাজ অবশ্য ব্যাট হাতে ৪ বলে মাত্র ১ রান করে রস্টন চেজের বলে আউট হন।
শেষ দিকে মাত্র ১১ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কুইন্টিন স্যাম্পসন। তার ব্যাটে ৫টি ছক্কা ও ১টি চার ছিল। শেষ পর্যন্ত ১৮.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২২ রান তুলে ৪ উইকেটের জয় নিশ্চিত করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। আর বাংলাদেশি ক্রিকেটের জন্য মিরাজের সিপিএল অভিষেক হয়ে থাকল দারুণ এক স্মরণীয় রাত।
আরু|



