চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত ৩৩০ দুষ্কৃতকারীর মধ্যে এক নম্বরে থাকা জাহেদুল ইসলাম (৩৫) ওরফে ‘পিচ্চি জাহেদ’কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার দিবাগত রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ এলাকায় এ ঘটনা ঘটে।
মোটরসাইকেলে যাওয়ার সময় জাহেদের পথরোধ করে মাথায় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে মোটরসাইকেল নিয়ে পুরানগড় ইউনিয়নের একটি সড়ক দিয়ে যাচ্ছিলেন জাহেদ। এ সময় আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তাকে ঘিরে ধরে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা গুরুতর আহত জাহেদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সিএমপি সূত্রে জানা গেছে, জননিরাপত্তার স্বার্থে চলতি বছরের শুরুতে চট্টগ্রাম নগরীতে ৩৩০ জন দুষ্কৃতকারীর প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। ওই তালিকার এক নম্বরে ছিলেন জাহেদুল ইসলাম ওরফে ‘পিচ্চি জাহেদ’। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক কারবার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
এর আগে গত ১৯ জানুয়ারি দিবাগত রাতে সাতকানিয়ার পুরানগড় এলাকায় সেনাবাহিনী ও যৌথ বাহিনীর অভিযানে জাহেদকে ১০৪টি ইয়াবা ও ১৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পরে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে আসেন তিনি। কয়েক মাসের মধ্যেই তাকে কুপিয়ে হত্যা করা হলো।
পুলিশের একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চট্টগ্রামের অপরাধজগতের সঙ্গে জড়িত ছিলেন জাহেদ। মাদক ও অস্ত্রের কারবার, এলাকায় আধিপত্য বিস্তার, অপরাধী গ্রুপের বিরোধ কিংবা পুরোনো শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরু|



