নেপালে ভয়াবহ হড়পা বান ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় আতঙ্কের মধ্যে পড়েছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও তার নতুন সিনেমা ‘শিকার’-এর পুরো শুটিং ইউনিট। পরিস্থিতি বিবেচনায় শুটিং স্থগিত করে শেষ পর্যন্ত নিরাপদে দেশে ফিরেছেন তারা।
শুক্রবার ঢাকায় ফিরে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে নেপালের সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা জানান অপু বিশ্বাস।
অপু জানান, গত ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই-তিন ঘণ্টা দূরের একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। কাকতালীয়ভাবে তাদের ২৭ আগস্ট একই সড়ক দিয়ে কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা করার কথা ছিল। একদিন পর যাত্রা করার কারণে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান তারা।
ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে অপু বিশ্বাস বলেন, “আমাদের যে রাস্তা দিয়ে কাঠমান্ডু ঢোকার কথা ছিল, ঠিক তার কাছাকাছি সময়েই এই দুর্ঘটনা ঘটে। এটি আল্লাহর অশেষ রহমত যে ২৬ তারিখ নয়, ২৭ তারিখ আমাদের মুভ করার কথা ছিল।”
তিনি আরও জানান, দুর্যোগের কারণে ওই সড়কে আগামী ১৫ থেকে ২০ দিনের জন্য যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
এমন পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়াকে অমানবিক মনে করেন অপু। তাই পুরো টিমের সঙ্গে আলোচনা করে নেপালের শুটিং শিডিউল স্থগিত করার সিদ্ধান্ত নেন তিনি।
অপু বলেন, “এমন ভয়াবহ পরিস্থিতিতে মানুষের দুর্ভোগের মাঝে গানের শুটিং করা অত্যন্ত অমানবিক দেখায়। তাই আমি পুরো টিমের সঙ্গে আলোচনা করে শুটিং স্থগিত করার সিদ্ধান্ত নিই এবং সবাই নিরাপদে দেশে ফিরে আসি।”
বেশ কিছুদিন ধরেই নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং চলছিল। ছবিটিতে অপু বিশ্বাসের পাশাপাশি অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা খরাজ মুখার্জি।
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই অপু বিশ্বাস ও খরাজ মুখার্জির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ভক্তরা। এরই মধ্যে কলকাতা বিমানবন্দরে পৌঁছে খরাজ ভক্তদের আশ্বস্ত করেন যে তারা নিরাপদে ছিলেন। কয়েক ঘণ্টা পর ঢাকায় ফিরে একই কথা জানান অপু বিশ্বাসও।
ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখে শুটিং বন্ধ রেখে নিরাপদে দেশে ফেরার সিদ্ধান্তকে মানবিক ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
আরু|



