কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে নাজিবুল হক রাশেদ (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আটক মোহাম্মদ সোলাইমান (২৮) পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের ঝাউতলা এলাকার রেনেসাঁ হোটেলের বারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদসহ কয়েকজন যুবক হোটেলের দোতলার বারে বসেছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া শুরু হয়। পরে এক পক্ষ বাইরে থেকে আরও কয়েকজনকে ডেকে আনে। তারা বারে ঢুকে রাশেদকে ছুরিকাঘাত করেন। এতে তার পেটসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ফিশারিঘাট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মধ্যম নুনিয়ারছড়া এলাকায় অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় সোলাইমানকে আটক করে পুলিশ। এ সময় স্থানীয়দের মারধরে তিনি আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে শুক্রবার সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, ঘটনার তদন্তে হোটেলের বারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশের একাধিক দল।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান জানিয়েছেন, ঘটনার সূত্রপাত, হামলায় কারা জড়িত এবং বারের নিরাপত্তাব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামতও সংগ্রহ করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রেনেসাঁ হোটেলের বারটি বন্ধ রাখার কথা জানিয়েছে পুলিশ।
আরু|



