রাজধানীর হলি ক্রস কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বিবাহিত শিক্ষার্থীদের আবেদন না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কলেজে অধ্যয়নরত অবস্থায় কোনো শিক্ষার্থীর বিয়ে হলে তার ভর্তি বাতিল করে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি প্রকাশিত একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তিতে এসব শর্ত উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘বিবাহিতদের আবেদন করার প্রয়োজন নেই। সেশন চলাকালীন সময়ে কারও বিয়ে হলে তাকে টিসি দেওয়া হবে।’
এ ছাড়া কলেজের নিয়মিত ও ব্যবহারিক ক্লাসে উপস্থিতি, নির্ধারিত ইউনিফর্ম পরা, শরীরচর্চা এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। কলেজ প্রাঙ্গণে মোবাইল ফোন আনা ও ব্যবহারও সম্পূর্ণ নিষিদ্ধ। এসব নিয়মে কারও আপত্তি থাকলে তাকে আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে নিজস্ব ভর্তি প্রক্রিয়ায় এবার শিক্ষার্থী ভর্তি করবে হলি ক্রস কলেজ। এসএসসির ফলাফল ও লিখিত সিলেকশন টেস্টের ফলের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
বিজ্ঞান বিভাগে আবেদন করতে এসএসসিতে জিপিএ-৫ থাকতে হবে। একই সঙ্গে উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয় থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদনের জন্য এসএসসিতে জিপিএ ৪ থেকে ৫ এবং মানবিক বিভাগে জিপিএ ৩ থেকে ৫ থাকতে হবে।
বিভাগ পরিবর্তনের ক্ষেত্রেও নির্দিষ্ট যোগ্যতা নির্ধারণ করেছে কলেজ কর্তৃপক্ষ। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ ৪ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা মানবিক বিভাগে আবেদন করতে পারবে। আর বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪ দশমিক ২৫ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদন করার সুযোগ পাবে।
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। আবেদনের জন্য ৫০০ টাকা ফি দিতে হবে। আবেদন শেষে নির্ধারিত সময়ে লিখিত সিলেকশন টেস্টে অংশ নিতে হবে।
মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সিলেকশন টেস্ট অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর। বিজ্ঞান বিভাগের পরীক্ষা হবে ১১ সেপ্টেম্বর। চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১৫ সেপ্টেম্বর দুপুর ১টার পর।
হলি ক্রস কলেজে বিজ্ঞান বিভাগে ৭৮০টি, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৮০টি এবং মানবিক বিভাগে ২৭০টি আসন রয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে অনলাইনে ভর্তি ফি পরিশোধ করে ভর্তি নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা না দিলে ভর্তির সুযোগ বাতিল হয়ে যাবে।
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
আরু|



