ঝিনাইদহের শৈলকুপায় টিসিবির পণ্য নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে রড ও হাতুড়ির আঘাতে গুরুতর আহত ইলিয়াস আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
নিহত ইলিয়াস আলী শৈলকুপা পৌর এলাকার মালিপাড়া গ্রামের মৃত জিয়ারত আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে শৈলকুপার চতুড়া গ্রামের মাজিদুল টিসিবির পণ্য নিতে আসেন। তবে তার টিসিবির কার্ড না থাকায় এ নিয়ে ইলিয়াস আলীর সঙ্গে কথা-কাটাকাটি হয়।
এর জের ধরে ওই দিন দুপুর ২টার দিকে ইলিয়াস আলী বাড়ি থেকে শহরের উদ্দেশ্যে বের হয়ে হাজি মোড়ে পৌঁছালে মাজিদুল তার ওপর হামলা করেন বলে অভিযোগ। এ সময় লোহার রড ও হাতুড়ি দিয়ে তাকে মারধর করে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রাখা হয়।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তার মৃত্যু হয়।
নিহতের পুত্রবধূ সীমা খাতুন বলেন, সকালে টিসিবির পণ্য নেওয়া নিয়ে তার স্বামীর সঙ্গে মাজিদুলের কথা-কাটাকাটি হয়। পরে বাজারে যাওয়ার পথে তার শ্বশুরের ওপর হামলা করা হয়। রড ও হাতুড়ির আঘাতে তিনি গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, টিসিবির পণ্য নিয়ে বিরোধের জেরে হামলায় আহত এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এদিকে, গত ১০ দিনে ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায় তিনটি হত্যাকাণ্ডসহ মোট পাঁচজনের লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে ঘটনাগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত নয় বলে জানিয়েছে পুলিশ।
আরু|



