চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে মোহাম্মদ সাকিব হত্যা মামলায় এজাহারভুক্ত ১, ২ ও ৩ নম্বর আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার (২৩ আগস্ট) র্যাব-৭-এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭-এর সিপিসি-৩, বদ্দারহাট-চান্দগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. তাওহিদুল ইসলাম।
র্যাব জানায়, চান্দগাঁও এলাকায় মোহাম্মদ সাকিবকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়েরের পর জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে র্যাব-৭। অভিযানের ধারাবাহিকতায় ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত ১, ২ ও ৩ নম্বর আসামিসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ২০ আগস্ট চান্দগাঁওয়ের মোহরা এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাকিব। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল, মোবাইল ফোন সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার আটজনের বিস্তারিত পরিচয়, হত্যাকাণ্ডে তাদের ভূমিকা এবং তাদের কাছ থেকে কোনো অস্ত্র বা আলামত উদ্ধার হয়েছে কি না এসব বিষয়ে পরবর্তী ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর অল্প সময়ের মধ্যে প্রধান তিন আসামিসহ আটজন গ্রেপ্তার হওয়ায় মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আরু|



