নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় একের পর এক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শ্রমিকদের মধ্যে কারখানায় ‘ভূতের আনাগোনা’ নিয়ে গুঞ্জন তৈরি হলেও কর্তৃপক্ষ জানিয়েছে, সরেজমিনে পরিদর্শনে অস্বাভাবিক কোনো কিছু পাওয়া যায়নি।
শনিবার (২২ আগস্ট) ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডের নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় কর্মরত কয়েকজন নারী শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ শ্রমিকের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যায়। তাদের আদমজী ইপিজেডের বেপজা মেডিকেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
রোববার (২৩ আগস্ট) সকালে প্রায় ৯০ শতাংশ শ্রমিক কাজে যোগ দেন। কিন্তু কিছু সময়ের মধ্যেই আবার ১৫ থেকে ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে ছোটাছুটি শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
কারখানার এক শ্রমিকের দাবি, শুক্রবার এক নারী শ্রমিক কারখানার ভেতরে ‘ভূত’ দেখেছেন বলে জানান। এরপর তিনি অস্বাভাবিক আচরণ করে অসুস্থ হয়ে পড়েন। পরে আরও কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডের জেনারেল ম্যানেজার বিল্লাল হোসেন ভূতের বিষয়টি নাকচ করে দিয়ে বলেন, শ্রমিকরা এমন দাবি করলেও সচেতনভাবে বিষয়টি বিশ্বাস করার কারণ নেই। অসুস্থতার ঘটনাও নির্দিষ্ট কোনো একটি স্থানে সীমাবদ্ধ নয়; কারখানার বিভিন্ন স্থানে এমন ঘটনা ঘটেছে। শ্রমিকরা কেন অসুস্থ হয়ে পড়ছেন, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
আদমজী ইপিজেডের বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন জানান, শনিবারও ৫ থেকে ৭ জন শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। রোববার তিনি কর্মকর্তাদের সঙ্গে কারখানাটি সরেজমিনে পরিদর্শন করেন।
তিনি বলেন, কারখানায় দমবন্ধ হয়ে যাওয়া বা শ্বাসরোধ হওয়ার মতো কোনো বিষয় তাদের চোখে পড়েনি। শ্রমিকদের মধ্যে ভূতের আতঙ্ক তৈরি হলেও অসুস্থতার প্রকৃত কারণ কী, তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় রোববার কারখানাটি বন্ধ রাখা হয়েছে। শ্রমিকদের অসুস্থ হয়ে পড়ার প্রকৃত কারণ শনাক্তে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরু|



