ফুটবল মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মাত্র ২৫ বছর বয়সেই মারা গেলেন পর্তুগিজ-ইংলিশ ফুটবলার কুইভিন কাস্ত্রো।
শনিবার পর্তুগালের মালভেইরায় একটি প্রীতি ম্যাচ চলাকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সাবেক ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন মিডফিল্ডার কাস্ত্রো তখন খেলছিলেন পর্তুগালের রিয়াল স্পোর্ট ক্লাবের হয়ে।
পর্তুগিজ ফুটবল সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মালভেইরার এস্তাদিও দাস সেশাসে রিয়াল স্পোর্ট ক্লাব ও পর্তুগালের শীর্ষ স্তরের ক্লাব এস্ত্রেলা দা আমাদোরার মধ্যকার প্রস্তুতি ম্যাচটি চলছিল। ম্যাচের মাত্র ১০ মিনিটের মাথায় হঠাৎ মাঠে অচেতন হয়ে পড়ে যান কাস্ত্রো।
ঘটনার পর দুই দলের মেডিকেল টিম দ্রুত তার চিকিৎসায় এগিয়ে আসে। এস্ত্রেলা দা আমাদোরার চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং ডিফিব্রিলেটর ব্যবহার করে তাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হয়। পরে পর্তুগালের জরুরি চিকিৎসাসেবা INEM-এর সহায়তায় কাস্ত্রোকে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে রিয়াল স্পোর্ট ক্লাব ও লিসবন ফুটবল অ্যাসোসিয়েশন। কাস্ত্রোর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে এস্ত্রেলা দা আমাদোরাসহ পর্তুগিজ ফুটবলের বিভিন্ন ক্লাব ও সংগঠন। স্পোর্টিং সিপিও তার পরিবারের সদস্য, বন্ধু ও সতীর্থদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
ইংল্যান্ডের ক্লাব ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নেও কাস্ত্রোর মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। ২০২১ সালে ওয়েস্ট ব্রমের একাডেমিতে যোগ দেন তিনি। পরবর্তীতে ক্লাবটির মূল দলের হয়ে খেলেন এবং লিগ কাপের ম্যাচে আর্সেনালের বিপক্ষে তার অভিষেক হয়। ২০২২ সালে তিনি চ্যাম্পিয়নশিপেও ওয়েস্ট ব্রমের হয়ে মাঠে নামেন।
ওয়েস্ট ব্রমে থাকাকালে বার্টন অ্যালবিয়ন, নটস কাউন্টি ও গেটসহেডে ধারে খেলেন কাস্ত্রো। ২০২৩ সালে ওয়েস্ট ব্রম ছাড়ার পর ইংল্যান্ডের আরও কয়েকটি নিম্ন স্তরের ক্লাবে খেলেছেন তিনি। এরপর চলতি মৌসুমে নিজের দেশ পর্তুগালে ফিরে রিয়াল স্পোর্ট ক্লাবে যোগ দেন।
কাস্ত্রোর মৃত্যুর ঘটনায় ওয়েস্ট ব্রম জানিয়েছে, আসন্ন বার্নলির বিপক্ষে ম্যাচে তার স্মরণে খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরবেন। ম্যাচের ২৫তম মিনিটে কাস্ত্রোর বয়সের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ করতালির আয়োজনও করা হবে।
মাত্র ২৫ বছর বয়সে একজন তরুণ ফুটবলারের এমন আকস্মিক মৃত্যু পর্তুগাল ও ইংল্যান্ডের ফুটবল অঙ্গনে গভীর শোকের সৃষ্টি করেছে। তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
আরু|



