বাংলাদেশের টেলিভিশন, চলচ্চিত্র ও মঞ্চের পরিচিত মুখ অভিনেত্রী রিনা রহমান আর নেই।
সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে এক শোকবার্তায় নিশ্চিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, রিনা রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। অসুস্থতার মধ্যেও অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে নিয়মিত কাজ করে গেছেন। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি কাজ কিছুটা কমিয়ে দিয়েছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’-তে অভিনয় করছিলেন।
দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও মঞ্চে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন রিনা রহমান। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিটিভির কালজয়ী নাটক ‘সংশপ্তক’ (১৯৮৭), চলচ্চিত্র ‘ঠিকানা’ (১৯৯৪), ‘ঘানি’ (২০০৬) এবং জনপ্রিয় ধারাবাহিক ‘মান অভিমান’।
তার মৃত্যুতে দেশের সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন এবং তার শিল্পীজীবনের অবদানের কথা স্মরণ করছেন।
আরু/



