দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও আলোচনায়। তবে এবার কোনো সিনেমা বা ফটোশুট নয়, নিজের বাড়ির বাগানে কৃষিকাজ করতে দেখা গেছে তাকে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে খালি পায়ে, সাদামাটা পোশাকে দীর্ঘক্ষণ কোদাল চালিয়ে জমি প্রস্তুত করতে দেখা যায় অভিনেত্রীকে। ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি।
ভিডিওতে দেখা যায়, একজন সহায়তাকারীর সঙ্গে মিলে বাগানের মাটিতে গোবর সার মিশিয়ে নতুন গাছ লাগানোর প্রস্তুতি নিচ্ছেন জয়া। কাজের ফাঁকে তিনি নিজের বাগানের বিভিন্ন গাছও দেখান। সেখানে জবা, ঘুমন্ত জবাসহ নানা ধরনের ফুল ও গাছ রয়েছে বলে জানান তিনি।
গ্ল্যামারাস তারকাকে এমন স্বাভাবিক ও পরিশ্রমী রূপে দেখে মুগ্ধ ভক্তরা। সামাজিক মাধ্যমে অনেকে তাকে “মাটির মানুষ” বলে প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, “মাটির সঙ্গে বন্ধুত্ব সত্যিই সুন্দর।” আবার কেউ মন্তব্য করেছেন, “কোদাল দিয়ে কাজ করাই হয়তো তারুণ্য ধরে রাখার রহস্য।”
জয়ার ফিটনেস নিয়েও দীর্ঘদিন ধরেই ভক্তদের আগ্রহ রয়েছে। এর আগে ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, নিয়মিত জিম করার চেয়ে দৈনন্দিন কায়িক শ্রমে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। নতুন সিনেমার প্রয়োজন হলে কিছুদিন পিলাটিজ বা শরীরচর্চা করলেও বছরের বেশিরভাগ সময় নিজের বাড়ির বাগানেই কাজ করেন।
জয়ার ভাষায়, “জিম করা যে দরকার, তা অস্বীকার করি না। কিন্তু নিয়মিত জিম করা হয় না। আমি চাষ করি। মাটি তৈরি করা থেকে শুরু করে প্রয়োজনে কোদাল দিয়ে মাটি কোপানোর কাজও নিজেই করি।”
অভিনয়ের পাশাপাশি প্রকৃতির কাছাকাছি থাকা এবং নিজের হাতে কৃষিকাজ করার এই অভ্যাসই জয়া আহসানের জীবনযাপনের একটি বিশেষ দিক হিসেবে আবারও আলোচনায় এসেছে। ভক্তদের অনেকেই মনে করছেন, তার সৌন্দর্য, ফিটনেস ও প্রাণবন্ত থাকার পেছনে নিয়মিত কায়িক পরিশ্রমের বড় ভূমিকা রয়েছে।
আরু/



