চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ৮৩ পয়সা ধরে) এর পরিমাণ প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। সেই হিসাবে চলতি বছরের জুলাইয়ে প্রবাসী আয় ১৫ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
এর আগে, ২০২৫-২৬ অর্থবছরের শেষ মাস জুনে দেশে এসেছিল ২৮২ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। অর্থাৎ জুনের তুলনায় জুলাইতেও প্রবাসী আয়ের ধারা ঊর্ধ্বমুখী রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) পুরো বছরে বৈধ চ্যানেলে দেশে এসেছে ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। এর আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার।
এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৫২৬ কোটি ডলার, যা ১৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি। দেশের ইতিহাসে এক অর্থবছরে এটিই সর্বোচ্চ রেমিট্যান্স অর্জনের রেকর্ড।
কেন বাড়ছে রেমিট্যান্স?
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে, হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগ, প্রবাসীদের জন্য নগদ প্রণোদনা, ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর সুযোগ বৃদ্ধি পাওয়ায় দেশে রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বাড়ছে।
বিশ্লেষকদের মতে, প্রবাসী আয়ের এই ইতিবাচক ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে, আমদানি ব্যয় মেটাতে এবং সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরু/



