টানা ভারী বর্ষণ, জলাবদ্ধতা ও পরিবহন সংকটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ধরনের ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের কারণে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বাভাবিক যাতায়াতে ব্যাপক বিঘ্ন ঘটেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বুধবারের সব ধরনের ক্লাস এবং পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী ক্লাস ও পরীক্ষার সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, টানা তিন দিনের ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরী ও আশপাশের এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সড়কের বিভিন্ন অংশ তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমে। এর আগে একই কারণে চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার এইচএসসি ও সমমানের বুধবারের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
আরু/


