kbctgbd
২৪ নভেম্বর ২০২৪ ৫:০৪ অপরাহ্ণ
লিমন মিয়া, সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে বন্ধ হয়ে যাওয়া ঐতিহ্যবাহী আলহাজ জুট মিল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ নভেম্বর) সকালে মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন দিগপাইত-ভুয়াপুর সড়কে এ কর্মসূচি আয়োজন করে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আলহাজ জুট মিল শাখা।
প্রেক্ষাপট ১৯৬৭ সালে সরিষাবাড়ী পৌর এলাকার মাইজবাড়ীতে প্রতিষ্ঠিত আলহাজ জুট মিল একসময় পাটজাত পণ্য উৎপাদনে বিখ্যাত ছিল। এখানে পাটের তৈরি বস্তা, ব্যাগ ও কার্পেটের সুতা তৈরি হতো। প্রায় ৩ হাজার নারী-পুরুষ শ্রমিক কর্মরত ছিলেন এ কারখানায়। দৈনিক উৎপাদন হতো প্রায় ১৫ মেট্রিক টন পণ্য। তবে, ২০১৮ সালের ২০ জুলাই প্রায় ৮০ কোটি টাকার লোকসান ও ১৫ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে পূর্ব ঘোষণা ছাড়াই মিলটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
মিলটি বন্ধ হয়ে যাওয়ার ফলে কর্মসংস্থান হারিয়ে প্রায় ৩ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েন। তাদের অনেকেই চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন।
মানববন্ধনে বক্তারা দ্রুত আলহাজ জুট মিলসহ সব বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর দাবি জানান। তারা বলেন, জুট মিলটি শুধু শ্রমিকদের কর্মসংস্থানের মাধ্যমই নয়, এটি এলাকার অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উদ্দিন আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার, আলহাজ জুট মিল শ্রমিক দলের সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক কামরুল হাসান বুলবুল ও সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া।
বক্তারা আলহাজ জুট মিল পুনরায় চালুর পাশাপাশি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেশের বন্ধ শিল্প কারখানাগুলো চালুর জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।