kbctgbd
১২ নভেম্বর ২০২৪ ৪:০৬ অপরাহ্ণ
মিজানুর রহমান রুবেল, সাতকানিয়া প্রতিনিধিঃ
সারাদিন অবৈধ সিএনজি অটোরিকশা এবং সন্ধ্যা নামলেই একঝাঁক সবজি, মাছ ও ফল বিক্রেতা এসে দখল করে নেয় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার অন্যতম বানিজ্যিক উপ-শহর কেরানী হাটস্থ-বান্দরবান রাস্তার মাথা। ব্যস্ততম দুটি মহাসড়কের মাঝখানে এভাবে অবৈধ দখল হওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এবং কেরানীহাট-বান্দরবান সড়কে দীর্ঘ যানজট লেগেই থাকে। এতে চরম ভোগান্তির শিকার হন চলাচলকারী পথচারী সহ দূর পাল্লার বাসের যাত্রীরা। এছাড়াও সড়কের উপর মাছ বাজার বসানোর কারণে মাছের পানি গড়িয়ে পড়ে আশপাশে দূর্গন্ধ ছড়িয়ে পড়ছে। যার কারণে প্রতিনিয়ত ভোগান্তিতে রয়েছে পার্শ্ববর্তী দোকানদার সহ পথচারীরা।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে সরেজমিন পরিদর্শনে গেলে দেখা যায়, কেরানীহাট থেকে বান্দরবান প্রবেশ মুখের গোলচত্বরের পাশেই সারিবদ্ধভাবে বসেছে এসব অবৈধ দখলদাররা। সেখানে বিক্রি করা হচ্ছে, কাঁচা মাছ, তরিতরকারি এবং বিভিন্ন ফলফলাদি। এসব কিনতে আসা ক্রেতাদের ভিড়ে যানজট আরো বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও সড়কের দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে মহাসড়কে নিষিদ্ধ যানবাহন।
এসব অবৈধ যানবাহন এবং হকারদের জন্য স্টেশনের আশপাশে আলাদা জায়গা করে না দিলে আগামীতে মানুষের ভোগান্তি আরো বৃদ্ধি পাবে বলে মনে করেন স্থানীয়রা। বিষয়টি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাসের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না হওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।