খন্দকার মহিবুল হক, জেলা কুমিল্লা প্রতিনিধিঃ
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), কুমিল্লার নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। গতকাল ৩১ জুলাই ২০২৪ তারিখে সচেতন নাগরিক কমিটি (সনাক), কুমিল্লা সভাপতি রোকেয়া বেগম শেফালী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সনাক সভায় সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য নতুন কমিটির সভাপতি হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক সংগঠক অধ্যাপক নিখিল চন্দ্র রায় এবং সহ-সভাপতি হিসেবে কুমিল্লার সামাজিক সংগঠক ও নারী অধিকার কর্মী মাহমুদা আক্তার, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী নির্বাচিত হয়েছেন। আগামী ১ আগষ্ট ২০২৪ থেকে কমিটির নতুন মেয়াদের কার্যকাল শুরু হবে।
এক বিবৃতিতে নব নির্বাচিত সভাপতি অধ্যাপক নিখিল চন্দ্র রায় দুর্নীতি উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম প্রধান
অন্তরায় হিসেবে উল্লেখ করে সুশাসনের চাহিদা সৃষ্টিতে সকলের সহযোগিতায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলকে
এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বর্তমানে ১৪ সদস্য বিশিষ্ট সনাক এর অন্যান্য সদস্যবৃন্দ হলেন বদরুল হুদা
জেনু, আলহাজ্ব শাহ মো: আলমগীর খান, ইয়াছমীন রীমা, রোকেয়া বেগম শেফালী, ডা: মৃনাল কান্তি ঢালী, অ্যাডভোকেট
শামীমা আক্তার জাহান, আইরিন মুক্তা অধিকারী, মোহাম্মদ আনিছুর রহমান আখন্দ, অধ্যাপক বিজয় কৃষ্ণ রায়, সেলিনা আক্তার ও নাজমা আহমেদ।



