
সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ আঞ্চলিক প্রতিনিধিঃ
আগামী ৮ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে বিএনপির দলীয় নির্দেশ অমান্য করে নির্বাচনে অংশ নেয়ায় মানিকগঞ্জের দুই উপজেলায় বিএনপির ৪ প্রার্থীকে কারন দর্শানোর নোটিশ দিয়েছে দলের কেন্দ্রীয় কমিটি।
নোটিশপ্রাপ্ত প্রার্থীরা হচ্ছেন, সিংগাইর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি টিউবওয়েল প্রতিকের তোফাজ্জল হোসেন তোফাজ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা দলের সভাপতি কলস প্রতিকের আফরোজা খান লিপি। অপরদিকে হরিরামপুর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও বয়ড়া ইউনিয়ন পরিষদের টানা তিনবারের সাবেক চেয়ারম্যান মো. জাহিদুর রহমান তুষার (কাপ পিরিচ) এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপির সদস্য ও কাঞ্চনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোশারফ হোসেন মুসা (চশমা)।
জানা গেছে, চারজনই দলের দায়িত্বশীল পদে থেকে নির্বাচনে অংশ নেয়ায় বুধবার (২৪ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত কারন দর্শানোর নোটিশ দেন। এতে উল্লেখ করা হয়েছে যে, গত ১৫ এপ্রিল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত গৃহীত হয়। বিএনপির নেতা হিসেবে আপনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করেননি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার এহেন মনোবৃত্তি সম্পূর্ণরূপে দলীয় শৃঙ্খলা পরিপন্থি এবং দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। তাই প্রার্থীদেরকে ৪৮ ঘন্টার মধ্যে যথাযথ কারন দর্শায়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর লিখিত জবাব দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
সিংগাইরে ভাইস চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জাল হোসেন তোফাজ বলেন, দলীয় শোকজের জবাব দেয়া হবে। দল থেকে বহিষ্কার করলেও প্রার্থীতা প্রত্যাহর করা হবেনা। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আফরোজা খান লিপি বলেন, শোকজের জবাব দেয়া হবে। পাশাপাশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো।
হরিরামপুরে চেয়ারম্যান পদপ্রার্থী, মো. জাহিদুর রহমান তুষার জানান, কারণ দর্শানোর নোটিশ হতে পেয়েছি। যথাযথ সময়ে আমি নোটিশের জবাবও দিব। তবে ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনে আমি জনগণের চাপে পড়ে প্রার্থী হয়েছি। দলীয় সিদ্ধান্ত যাই হোক না কেন জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে শেষ পর্যন্ত আমি নির্বাচনী মাঠে থাকব ইনশাআল্লাহ। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোশারফ হোসেন মুসার সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও এ রির্পোট লেখা পর্যন্ত যোগাযোগ সম্ভব হয়নি।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু বলেন, উপজেলা বিএনপি কেন্দ্রের নির্দেশ মেনে কাজ করবে। শোকজের জবাব সন্তোষজনক না হলে আগামী মিটিং এ সিংগাইরের নেতাদের দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। অপরদিকে হরিরামপুরে উপজেলা বিএনপির দায়িত্বশীল কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।









