মোহাম্মদ কেফায়েত উল্লাহ, খাগড়াছড়ি থেকে :
আসন্ন ঈদুল ফিতর ও বৈসাবিন উৎসব উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের পক্ষ থেকে পাহাড়ি-বাঙালি, দুস্থ নারী ও পুরুষের মাঝে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকালের দিকে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মাঠে সেনাবাহিনীর এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. কামরুল হাসান।
রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানবিক চাহিদা পূরণের মাধ্যমে অসহায়দের পাশে থাকার চেষ্টা করে। সেনাবাহিনী মানুষের আস্থার প্রতীক হিসাবে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে বলে জানান তিনি।
এ সময় এলাকার প্রায় ২০০ জন নারী-পুরুষের মাঝে শাড়ি, পাঞ্জাবী এবং পাহাড়ি ড্রেস, ১০টি পরিবারকে সোলার প্যানেল, ৫টি পরিবারকে সেলাই মেশিন, ১০টি পরিবারের মাঝে ১০ বান ঢেউটিন এবং ০৮ জন অসহায় ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য নগদ আর্থিক অনুদানসহ ২ টি এতিমখানায় ১০টি ফ্যান প্রদান করা হয়।
এছাড়াও ৫ শতাধিক মানুষের মাঝে স্ত্রী রোগ বিশেষজ্ঞ, দন্ত চিকিৎসক ও মেডিসিন বিশেষজ্ঞের মাধ্যমে চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
চিকিৎসা সেবা কর্মসূচিতে মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শামিলাহ আজমাত, বেসরকারি দন্ত চিকিৎসক কাজী সালাউদ্দিন (শাকিল) সেবা প্রদান করেন।


