বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চন্দন কুমার ধরকে দুই মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।
রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিনের আদেশ দেন।
আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।
তিনি জানান, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রামের কোতোয়ালি থানায় পুলিশি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়। ওই দুই মামলায় হাইকোর্ট রুল জারি করে চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছেন।
তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় এই মুহূর্তে কারামুক্তি পাচ্ছেন না চিন্ময় কৃষ্ণ দাস।
এর আগে ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। পরবর্তীতে ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়ার পর ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
ওই ঘটনার পর পুলিশ একাধিক মামলা দায়ের করে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। ফলে দুই মামলায় জামিন পেলেও অন্যান্য মামলার কারণে এখনই মুক্তি মিলছে না চিন্ময় কৃষ্ণ দাসের।
আরু|



