চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় ভূমিধসের আশঙ্কায় সতর্ক করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত।
বিশেষ করে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের কোথাও কোথাও ভারী বৃষ্টির কারণে অস্থায়ী জলাবদ্ধতার পাশাপাশি ভূমিধস হতে পারে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দেওয়া সতর্কবার্তায় জানানো হয়, এসব এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
এদিকে চট্টগ্রাম ও সিলেটের পাশাপাশি ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গাতেও দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও মিয়ানমার উপকূলে থাকা গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে।
গত ২৪ ঘণ্টায় টেকনাফে ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আরু|



