১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পরাজিত শক্তি একত্রিত হয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মীর হেলাল বলেন, বিরোধীদল জাতীয় সংসদে এক ধরনের বক্তব্য দেয়, আবার সংসদের বাইরে এসে তার বিপরীত কথা বলে। এ ধরনের দ্বিচারিতার রাজনীতি জাতি প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি।
যুবদলকে বিএনপি পরিবারের সবচেয়ে সুশৃঙ্খল সংগঠন হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাবিরোধী আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও গণতন্ত্রের প্রশ্নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
শেখ হাসিনার শাসনামলে দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন মীর হেলাল।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পুনর্গঠনে কাজ করছেন। শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
প্রধান বক্তার বক্তব্যে এরশাদ উল্লাহ বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করতে হবে। একই সঙ্গে যুবসমাজকে দেশ গঠনের কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দলীয় শৃঙ্খলা, পারস্পরিক সম্মান ও জনমানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে। একটি সাম্য ও মানবিক বাংলাদেশ গঠনে যুবদলের নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন বক্কর বলেন, দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে যুবদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন। সংগঠনকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন বলেন, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকে জাতীয়তাবাদী যুবদল এগিয়ে যাচ্ছে। রাজনৈতিক চর্চায় প্রতিহিংসার পরিবর্তে সহনশীলতা, বিভেদের পরিবর্তে ঐক্য এবং দখলদারত্বের পরিবর্তে জনসেবাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে চট্টগ্রাম মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য পর্ব শেষে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
আরু|



