দেশের বিভিন্ন অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—দেশের আট বিভাগেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে।
এদিকে দিনের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। দেশের বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। তবে বৃষ্টিপ্রবণ এলাকায় তাপমাত্রা কিছুটা কম অনুভূত হতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্ষা মৌসুম সক্রিয় থাকায় আগামী কয়েক দিনও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তাই বজ্রপাত ও ভারী বৃষ্টির সময় প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরু/


