নিজস্ব প্রতিবেদকঃ
টেকসই উন্নয়ন ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সাম্যতার ভিত্তিতে কর্মপরিবেশ সৃষ্টির মাধ্যমে নারীর ক্ষমতায়নের জোরালো দাবী।
‘নারী অধিকার ও দুর্নীতিবিরোধী আন্দোলন একসূত্রে গাঁথা’ এই স্লোগানকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লা ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উপলক্ষে গতকাল বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। সনাক কুমিল্লার সভাপতি রোকেয়া বেগম শেফালী এর সভাপতিত্বে কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজাপুর ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তরা বলেন, বিভিন্ন কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও ভূমিকা, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতাসহ প্রভৃতি ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি প্রশংসনীয় হলেও এখনো রাষ্ট্র, সমাজ ও পরিবারসহ বিভিন্ন ক্ষেত্রে জেন্ডার বৈষম্য বিদ্যমান।
আলোচনা সভায় তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে
সনাকের অনুপ্রেরণায় গঠিত একটিভ সিটিজেন গ্রুপের সমন্বয়ক মানজুমা আক্তার স্বর্ণা তরুণ শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়ে বলেন, পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠিকে এগিয়ে নিতে সমতা ও সাম্যতা নিশ্চিত করে নারী পুরুষ একে অপরের সহযোগি ও পরিপুরক হিসেবে কাজ করতে হবে। টিআইবি’র সাধারণ পর্ষদ সদস্য ও সনাক এর স্বাস্থ্য বিষয়ক উপ- কমিটির সমন্বয়ক বদরুল হুদা জেনু বলেন, কর্মক্ষেত্রে নারীরা প্রতিনিয়ত বৈষম্যের শিকার হচ্ছে। তিনি টেকসই উন্নয়নের লক্ষ্যে দেশের অর্ধেক জনগোষ্ঠি হিসেবে নারীদের জন্য সুষ্ঠু কর্মপরিবেশ সৃষ্টি এবং নারীদের কাজের যথাযত স্বীকৃতির দাবী জানান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমকে অভিভাবকহীন এক বাড়ি হিসেবে উল্লেখ করে তরুন প্রজন্মকে দায়িত্বশীলতার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অনুরোধ করেন।
সনাক সহ সভাপতি আইরিন মুক্তা অধিকারী বলেন, প্রতিটি ধর্মে নারীর মর্যাদা নিশ্চিত করা হয়েছে। তিনি কর্মক্ষেত্রে সমতা ও সাম্যতার ভিত্তিতে নারীদের জন্য কর্মপরিবেশ সৃষ্টির আহবান জানান। সনাক সহ সভাপতি অধ্যাপক নিখিল চন্দ্র রায় পারিবার থেকে নারীর অধিকার নিশ্চিত করার প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, পারিবারিক অনিয়মগুলো আমাদের দুর্নীতির দিকে ধাবিত করে এবং এর ফলে নারীরাই বেশি ক্ষতিগ্রস্থ হয়। তিনি দুর্নীতি মুক্ত দেশ গড়তে শিক্ষার্থীদের নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহবান জানান। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: আবু সোলাইমান শিক্ষার্থীদের যোগ্য নারী হিসেবে গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, বর্তমান সরকার নারীদের এগিয়ে নেওয়ার জন্য শিক্ষাক্ষেত্রসহ অন্যান্য প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে অনেক নারীবান্ধব সুযোগ-সুবিধা চালু করেছে। তিনি শিক্ষার্থীদের সরকারের নারীবান্ধব সুবিধাগুলো ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যে সৎ এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠার আহবান জানান।
সনাক সভাপতি রোকেয়া বেগম শেফালী বলেন, শিক্ষা জীবনে তরুণ বয়সে দুর্নীতিবিরোধী কার্যক্রমের চর্চার ফলে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে দুর্নীতিকে না বলতে শিখবে। তিনি দুর্নীতিবিরোধী আন্দোলন এবং নারী অধিকার পরস্পর সম্পর্ক যুক্ত উল্লেখ করে বলেন, সামাজিক বৈষম্যের ফলে দেশের বৃহত্তম জনগোষ্ঠি হিসেবে নারীরা যদি পিছিয়ে থাকে তাহলে টেকসই উন্নয়ন কখনো সম্ভব নয়।
তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতি রোধ ও নারী অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহবান জানান। অনুষ্ঠানে
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সনাক সদস্য অধ্যাপক বিজয় কৃষ্ণ রায় ও সেলিনা আক্তার প্রমূখ। উল্লেখ্য আলোচনা সভার পূর্বে রাজাপুর ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা দুর্নীতি, নারী অধিকার, সুশাসন, উন্নয়ন ভাবনা, জেন্ডার বৈষম্য প্রভৃতি বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে রাজাপুর ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ছাড়াও টিআইবি’র তত্ত্বাবধানে পরিচালিত ইয়েস গ্রুপ ও এসিজির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


