kbctgbd
১১ সেপ্টেম্বর ২০২৪ ১১:২১ পূর্বাহ্ণ
সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ প্রতিনিধি:
লোডশেডিং কমিয়ে দে, নইলে চাকরি ছেড়ে দে’ স্লোগানে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে মানববন্ধন করেছে স্থানীয় ছাত্র-জনতা। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে লাগামহীন লোডশেডিংয়ের প্রতিবাদে ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির হরিরামপুর জোনাল অফিসের সামনে সাধারণ ছাত্র-জনতার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায় গত কয়েকদিনে বিদ্যুতের অনিয়ন্ত্রিত লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এর প্রতিবাদে আয়োজিত ছাত্র জনতা মানববন্ধনে বিভিন্ন দাবি তুলে ধরে স্লোগান ও বক্তব্য দেয়। এসময় তারা বলেন”লোডশেডিং কমিয়ে দে নইলে চাকরি ছেড়ে দে, আমাদের দাবি একটাই মুক্তভাবে বিদ্যুৎ চাই” স্লোগানসহ আরো দাবিদাওয়া পেশ করেন। এছাড়া অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে পাঁচ ওয়াক্ত নামাজের সময় কোন লোডশেডিং চলবে না। লোডশেডিং দিনে কত ঘন্টা দিবে তার নিদিষ্ট সময় বলতে হবে। যখন খুশি তখন ইচ্ছে মত লোডশেডিং দেয়া যাবে না। লোডশেডিং কমাতে হবে। দিনরাত ২৪ ঘন্টার মধ্যে ৪ ঘন্টা লোডশেডিং দিতে হবে। অতিরিক্ত মিটার বিল কেন আসে তার কারণ দর্শাতে হবে।
এসময় তারা আরও বলেন, উপজেলায় এক থেকে দেড় ঘণ্টা পর লোডশেডিংয়ের নিয়ম থাকলেও বেশিরভাগ সময়ই তা প্রতিফলিত হয় না। কোথাও এক থেকে দেড় ঘণ্টা পরপর কয়েক মিনিটের জন্য বিদ্যুৎ দেয়া হয়। আবার কখনো একটানা ঘণ্টার পর ঘণ্টা থাকে না । এতে বিদ্যুতের ওপর নির্ভরশীল গৃহস্থালি কাজ মারাত্মক ভাবে ব্যাঘাত ঘটছে । ব্যবসা প্রতিষ্ঠান, বাসা-বাড়ি ও বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। এজন্য ক্ষোভ প্রকাশ করছেন ভুক্তভোগীরা।
এব্যাপারে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি হরিরামপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সামিউল কবির আন্দোলনকারীদের মধ্য থেকে ৭-৮ জনের একটি প্রতিনিধি দলের সাথে লোডশেডিং ও বিদ্যুতের সার্বিক বিষয়ে নিয়ে আলোচনা করেন। এসময় তিনি সবাইকে ধৈর্য ধারণ করতে অনুরোধ জানিয়ে বলেন- দ্রুতই এ সমস্যা সমাধান হয়ে যাবে বলে আশা করছি।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।