চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকায় হারিয়ে যাওয়া ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। হারানো ফোনের ঘটনায় করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এসব ফোন উদ্ধার করা হয়। পরে প্রকৃত মালিকদের কাছে ফোনগুলো হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. মাসুদ আলম দায়িত্ব নেওয়ার পর হারানো মোবাইল ফোন উদ্ধারে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে জেলার ১৭টি থানায় মোবাইল হারানোর ঘটনায় করা জিডিগুলো পর্যালোচনা করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার নগরের ২ নম্বর গেট এলাকায় অবস্থিত পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মো. মাসুদ আলম।
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় ফোন ফিরে পাওয়া ব্যক্তিরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, হারানো সম্পদ উদ্ধারে পুলিশের এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা আরও বাড়াবে।
জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হারানো সম্পদ উদ্ধারে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর ও আধুনিক পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হবে।
হারানো মোবাইল ফোন উদ্ধারে জেলা পুলিশের এ উদ্যোগ সাধারণ মানুষের সম্পদ সুরক্ষা এবং পুলিশের প্রতি জনআস্থা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
আরু|



