কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতির মধ্যে কার্যকর নিয়ন্ত্রণ ও নজরদারি না থাকলে ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।
এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাক্ষাৎকারে গেটস বলেন, শক্তিশালী এআই ভুল হাতে পড়লে একশো কোটি মানুষের প্রাণহানির মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
তার মতে, শুধু প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নিজস্ব নীতিমালা দিয়ে এআইয়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এ ক্ষেত্রে আইনপ্রণেতা ও আইন প্রয়োগকারী সংস্থাকেও সরাসরি যুক্ত হতে হবে।
এআই ব্যবহারে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি থাকবে, তা আইন করে বাধ্যতামূলক করার কথাও বলেছেন তিনি। এতে প্রযুক্তি খাতে কিছু বাড়তি খরচ ও প্রশাসনিক চাপ তৈরি হলেও এআই উন্নয়নের গতি নাটকীয়ভাবে কমে যাবে না বলে মনে করেন গেটস।
এআইয়ের সম্ভাব্য অপব্যবহার নিয়ে এর আগেও সতর্ক করেছেন তিনি। একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান ও ইলন মাস্কসহ প্রযুক্তি খাতের আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি।
এদিকে, সামরিক খাতে এআই ব্যবহার ও ইসরায়েলি বাহিনীর সঙ্গে চুক্তির কারণে মাইক্রোসফটকে ঘিরে সমালোচনাও রয়েছে। একটি অধিকারকামী সংগঠন প্রতিষ্ঠানটির সঙ্গে এই সম্পর্ক ছিন্নের দাবি জানিয়েছে। তবে বিষয়টি নিয়ে বিভিন্ন পক্ষের ভিন্ন অবস্থান রয়েছে।
সাক্ষাৎকারের শেষদিকে অবশ্য এআই নিয়ে রসিকতাও করেন বিল গেটস। ব্যক্তিগত বিষয়ে এআইয়ের পরামর্শ নেন না জানিয়ে হাস্যরস করে তিনি বলেন, ‘এআই জানে, আমি অত্যন্ত গম্ভীর একজন মানুষ।’
আরু|



