ফুটবল মাঠে একের পর এক অর্জনের পর এবার খেলাধুলার বাইরেও বিরল সম্মান পাচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। দেশটির অন্যতম মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় (ইউবিএ) তাকে সম্মানসূচক ডক্টর হোনোরিস কসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মানসূচক এই পদবি দেওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে ইউবিএ-এর উচ্চপরিষদ।
আগামী (৬ অক্টোবর) আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মেসির বিদায়ী ম্যাচের আগে তার হাতে এই সম্মান তুলে দেওয়ার কথা রয়েছে। ম্যাচটি হবে বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে।
ইউবিএ জানিয়েছে, মেসির দীর্ঘ ক্যারিয়ার শুধু মাঠের সাফল্যের জন্য নয়, তার অধ্যবসায়, বিনয়, পেশাগত নৈতিকতা এবং আর্জেন্টিনার জাতীয় প্রতিনিধিত্বের বিষয়টিও এই সম্মানের অন্যতম কারণ।
বিশ্ববিদ্যালয়ের রেজুলেশনে বলা হয়েছে, মেসির পথচলা উৎকর্ষ, অধ্যবসায়, বিনয় ও নৈতিক চর্চার উদাহরণ। একই সঙ্গে আর্জেন্টিনার জাতীয় পরিচয় ও সংস্কৃতির একজন প্রতিনিধি হিসেবেও তার ভূমিকা তুলে ধরা হয়েছে।
ইউবিএ-এর রেক্টর রিকার্দো গেলপি বলেন, মেসির ক্রীড়া সাফল্যের পরিসংখ্যান সবারই জানা। তবে বিশ্ববিদ্যালয় তার ব্যক্তিত্ব, অধ্যবসায় এবং আর্জেন্টিনার জনপ্রিয় সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের দূত হিসেবে ভূমিকারও স্বীকৃতি দিতে চায়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমিলিয়ানো ইয়াকোবিত্তিও বলেন, মেসি আর্জেন্টিনার জার্সির মূল্যবোধ বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। তার মতে, এই ডক্টরেট শুধু মেসির ফুটবল ক্যারিয়ারের স্বীকৃতি নয়; এটি তার প্রতি (ইউবিএ)-এর সম্মান ও কৃতজ্ঞতার প্রকাশ।
জাতীয় দলের হয়ে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা, কাতার বিশ্বকাপ ২০২২ এবং কোপা আমেরিকা ২০২৪ জিতেছে। ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনা রানার্সআপ হয়। ইউবিএ-এর বিবৃতিতে এসব অর্জনও মেসিকে সম্মানিত করার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের ডক্টর হোনোরিস কসা প্রতিষ্ঠানটির সর্বোচ্চ সম্মানসূচক পদবি। খেলাধুলার বাইরেও মেসির এই স্বীকৃতি তাই তার দীর্ঘ ক্যারিয়ারে যোগ করছে এক ভিন্ন মাত্রা।
আরু|



