এশিয়ান গেমসে দারুণ ছন্দে ফিরেছে বাংলাদেশ পুরুষ হকি দল। টানা দ্বিতীয় জয়ে গ্রুপ পর্বে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শনিবার গিফুতে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এর আগে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে আসরে প্রথম জয় পেয়েছিল দলটি।
ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আমিরুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানেই বিরতিতে যায় বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারের শুরুতেই নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান আমিরুল। এরপর ৩৭ মিনিটে দুর্দান্ত ফিল্ড গোল করে বাংলাদেশের জয়কে আরও সহজ করে দেন রাসেল মাহমুদ জিমি। দীর্ঘ সময় পর জাতীয় দলে ফিরে গোলের দেখা পেলেন অভিজ্ঞ এই খেলোয়াড়।
শেষ কোয়ার্টারের ৪৮ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ইন্দোনেশিয়ার হয়ে ফাতুর গোল ব্যবধান কমালেও শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৮ সেপ্টেম্বর। ওই ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।
আরু|



