ফিফা বিশ্বকাপের ফাইনালে শুধু আর্জেন্টিনা ও স্পেনের লড়াইই নয়, ইতিহাসের সাক্ষী হলো দর্শকরা। প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালের বিরতিতে আয়োজন করা হয়েছে হাফটাইম শো, যেখানে কয়েক মিনিটের মধ্যেই ফুটবল মাঠ রূপ নেয় জমকালো কনসার্টের মঞ্চে।
প্রথমার্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মাঠের ঘাস রক্ষায় পুরো মাঠ বিশেষ সুরক্ষামূলক কাভার দিয়ে ঢেকে ফেলা হয়। এরপর অল্প সময়ের মধ্যেই মঞ্চ, বাদ্যযন্ত্র ও অন্যান্য আয়োজন সম্পন্ন করা হয়। বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা ও কোল্ডপ্লের প্রধান কণ্ঠশিল্পী ক্রিস মার্টিন দর্শকদের সামনে পরিবেশন করেন বিশেষ সংগীতানুষ্ঠান। তীব্র গরম উপেক্ষা করেও গ্যালারিতে থাকা হাজারো দর্শক উপভোগ করেন এই আয়োজন।
সাধারণত ফুটবল ম্যাচে প্রথম ও দ্বিতীয়ার্ধের মাঝে ১৫ মিনিট বিরতি থাকে। তবে এই বিশেষ হাফটাইম শোর কারণে বিশ্বকাপ ফাইনালে বিরতির সময় বাড়িয়ে ১৭ মিনিট করা হয়। অনুষ্ঠান শেষ হওয়ার পর দ্রুত মাঠের কাভার সরিয়ে আবারও খেলার উপযোগী করা হয় এবং দুই দলের ফুটবলাররা দ্বিতীয়ার্ধ খেলতে মাঠে নামেন।
এবারের ফাইনালের টিকিটের মূল্য কয়েক হাজার ডলার পর্যন্ত হওয়ায় দর্শকদের জন্য অতিরিক্ত বিনোদনের ব্যবস্থাও করেছে আয়োজকরা। লিওনেল মেসি, লামিনে ইয়ামালদের মতো তারকাদের ফুটবল নৈপুণ্যের পাশাপাশি বিশ্বসংগীতের দুই তারকার পরিবেশনা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে ওঠে।
বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে খেলার মাঝখানে এ ধরনের হাফটাইম শো এই প্রথম। ফলে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে মাঠের দুই ভিন্ন রূপ- একদিকে বিশ্বকাপের উত্তেজনা, অন্যদিকে আন্তর্জাতিক মানের সংগীতানুষ্ঠান দেখে নতুন এক অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন দর্শকরা।
আরু/



