২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষে দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই রহস্যজনকভাবে মারা গেছেন দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের মিডফিল্ডার জেডেন অ্যাডামস। মাত্র ২৫ বছর বয়সী এই ফুটবলারের মরদেহ গত শনিবার কেপটাউনের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়। তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
ঘটনার পরপরই কেপটাউন সেন্ট্রাল পুলিশ একটি রহস্যজনক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তবে তিন দিন পেরিয়ে গেলেও তদন্তকারীরা মৃত্যুর কারণ বা ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পারেননি। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের পারিপার্শ্বিক পরিস্থিতি এবং সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
জেডেন অ্যাডামসের বাবা জুয়ানিটো অ্যাডামস দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যমকে বলেন, “আমরা এখনো ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় আছি। মৃত্যুর কারণ নিশ্চিত না হওয়ায় অন্ত্যেষ্টিক্রিয়ার কোনো পরিকল্পনাও করিনি। এটি একটি রহস্যজনক মৃত্যু। অনেকেই বলছেন সময় সব ঠিক করে দেবে, কিন্তু আমাদের জন্য বিষয়টি এত সহজ নয়। আমাদের নতুন করে বাঁচতে শিখতে হবে।”
বিশ্বকাপ চলাকালেই ব্যক্তিগত শোকের মুখোমুখি হয়েছিলেন অ্যাডামস। গ্রুপ পর্বে চেকিয়ার বিপক্ষে ম্যাচে নামার আগে তিনি তার দাদির মৃত্যুসংবাদ পেয়েছিলেন। এরপরও দলের হয়ে মাঠে নেমে খেলেন। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে চারটি ম্যাচেই অংশ নিয়েছিলেন তিনি।
জেডেন অ্যাডামসের আকস্মিক মৃত্যুতে দক্ষিণ আফ্রিকার ফুটবল অঙ্গনসহ বিশ্ব ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে দেশটির ক্রীড়ামন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি সবাইকে গুজব না ছড়িয়ে তদন্ত শেষ হওয়া পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ততক্ষণ পর্যন্ত তদন্ত অব্যাহত থাকবে।
আরু/


