বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে নাটকীয় হারের পর মাঠের বাইরেও বিতর্কে জড়ালেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান। ড্রেসিংরুমে ফেরার পথে এক আর্জেন্টিনা সমর্থক তাঁর সামনে ইসরায়েলের পতাকা প্রদর্শন করলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে-এর প্রতিবেদনে বলা হয়, আটলান্টার স্টেডিয়ামে ম্যাচ শেষে ড্রেসিংরুমের দিকে যাওয়ার সময় আর্জেন্টিনার জার্সি পরা এক সমর্থকের হাতে থাকা ইসরায়েলের পতাকা দেখে ক্ষোভ প্রকাশ করেন হোসাম হাসান। এ সময় তাঁর প্রতিক্রিয়ার ছবি তুলতে গেলে এক ফটোসাংবাদিকের সঙ্গেও উত্তপ্ত বাক্যবিনিময় হয়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে তাঁকে দৃশ্যত ক্ষুব্ধ অবস্থায় দেখা গেছে।
ঘটনাটির পেছনে একটি প্রেক্ষাপটও রয়েছে। অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর মাঠে ফিলিস্তিনের পতাকা নিয়ে উদ্যাপন করেছিলেন হোসাম হাসান। সংবাদ সম্মেলনেও তিনি ফিলিস্তিনের প্রতি সমর্থনের কথা বলেছিলেন। ফলে ম্যাচ শেষে ইসরায়েলের পতাকা প্রদর্শনের ঘটনাকে অনেকেই তাঁকে উদ্দেশ্য করে উসকানিমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন।
অন্যদিকে, ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে রেফারিং নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন মিসরের কোচ। তাঁর দাবি, মিসর একটি পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে এবং একটি গোলও বিতর্কিতভাবে বাতিল করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ম্যাচ পরিচালনায় নেওয়া কিছু সিদ্ধান্ত তাঁদের বিপক্ষে গেছে।
উল্লেখ্য, ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ দিকে টানা তিন গোল হজম করে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মিসর। সেই পরাজয়ের পর থেকেই রেফারিং নিয়ে একাধিক অভিযোগ তুলে আসছেন হোসাম হাসান। এর মধ্যেই ইসরায়েলের পতাকা প্রদর্শনের ঘটনায় নতুন করে আলোচনার জন্ম হয়েছে।
আরু/


