সাংগঠনিক কার্যক্রম জোরদার ও আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট জেলা ইউনিটগুলোকে এ কমিটি গঠন করতে বলা হয়েছে।
এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশনাপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। শনিবার (২৯ আগস্ট) দলের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, কোনো উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্ভব না হলে ১১ থেকে ১৫ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা যাবে। পরে ওই কমিটিকে ১৫ দিনের মধ্যে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
ইতোমধ্যে যেসব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, কিংবা সামনে গঠন করা হবে, সেসব কমিটিকে ইউনিয়ন পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠনের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা কমিটির নেতৃত্ব বাছাইয়েও বয়সসহ বেশ কিছু নীতিমালা দিয়েছে এনসিপি। নির্দেশনা অনুযায়ী, উপজেলা আহ্বায়কের বয়স ৪০ বছরের বেশি হতে হবে। আর সদস্যসচিবের বয়স ৩৫ বছরের বেশি হলে ভালো; তবে কোনোভাবেই ৩০ বছরের নিচে কাউকে এ পদে রাখা যাবে না।
যারা ইতোমধ্যে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন অথবা সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন, তাদের আহ্বায়ক বা সদস্যসচিব পদে অগ্রাধিকার দেওয়া যেতে পারে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া আহ্বায়ক ও সদস্যসচিবের মধ্যে অন্তত একজনের বাসা শহর বা শহরের আশপাশে হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। দুজনেরই শহর বা আশপাশে বসবাস করলে সেটিকে ইতিবাচক হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে।
নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে মানুষের কাছে গ্রহণযোগ্যতা, পরিচিতি, নেতৃত্ব দেওয়ার সক্ষমতা, সংগঠনের প্রতি আনুগত্য এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিদের গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে দলটি।
কমিটিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করার ক্ষেত্রেও নির্দেশনা রয়েছে। প্রতিটি উপজেলা কমিটিতে ন্যূনতম ৫ শতাংশ নারী প্রতিনিধিত্ব রাখতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন ধর্মীয় ও জাতিগোষ্ঠীর আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, ২৯ সেপ্টেম্বর সব জেলা ইউনিটের আহ্বায়ক ও সদস্যসচিবকে উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের সর্বশেষ অগ্রগতি নিয়ে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মুখ্য সংগঠকের কাছে লিখিত প্রতিবেদন দিতে হবে।
দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে প্রস্তুত করার অংশ হিসেবেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনসিপি।
আরু|



